কাল থেকে চালু হবে বন্ধ পিএসটিএন কোম্পানিগুলোর সুইচরুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বন্ধ করে দেওয়া চারটি বেসরকারি ল্যান্ডফোন (পিএসটিএন) প্রতিষ্ঠানের সুইচরুম কাল মঙ্গলবার থেকে চালু করা হবে। গ্রাহকদের স্বার্থে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য কমিশনের সদস্য আলীবর্দি খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে এসব তথ্য জানান।জিয়া আহমেদ বলেন, ‘আমরা গ্রাহকদের সমস্যার কথা বিবেচনা করছি। আর সদ্যগঠিত কমিটি, পিএসটিএন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বসে একটি নীতিমালা তৈরি করার বিষয়ে কাজ করবে।’অবৈধ ভিওআইপি ব্যবহারে অভিযুক্ত কোম্পানিগুলোকে কোনো ধরনের শাস্তি বা জরিমানার বিষয়ে জিয়া জানান, বাংলাদেশ টেলিকম আইন ২০০১ এর ৩৫ (২), ৫৫ এবং ৭৪ ধারা অনুযায়ী কোম্পানিগুলোর বিরুদ্ধে এরই মধ্যে মামলা করা হয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।টেলিকম আইন ২০০১-এর ৩৫ (২), ৫৫ ও ৭৪ ধারা অনুযায়ী অভিযুক্তদের ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। অন্যদিকে, সংশোধিত টেলিযোগোযোগ আইনের খসড়া অনুযায়ী জরিমানার পরিমাণ পাঁচ কোটি টাকা হতে পারে।বন্ধ করা বেসরকারি ল্যান্ডফোন অপারেটর চারটি হচ্ছে ঢাকাফোন, ওয়ার্ল্ডটেল, র্যাংকসটেল ও পিপলস টেল। ১৫ মার্চ ঢাকাফোন, ১৭ মার্চ ওয়ার্ল্ডটেল, ১৯ মার্চ র্যাংকসটেল এবং ২১ মার্চ পিপলসটেলের সুইচরুম বন্ধ করে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় ঢাকাফোনের এবং র্যাংকসটেলের কর্মকর্তাদের। বিটিআরসির হিসাবে ঢাকাফোনের গ্রাহক ৭৭ হাজার ৭৬৫, ওয়ার্ল্ডটেলের গ্রাহক ১৪ হাজার ২৬১, র্যাংকসটেলের গ্রাহক তিন লাখ ৭৮২ এবং পিপলসটেলের গ্রাহকসংখ্যা এক লাখ ৬১ হাজার ৬৩ জন।