কাল শনিবার ও আগামী রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশে নির্মাণাধীন ছাত্রী হলটির নাম পরিবর্তন করার প্রতিবাদে ছাত্রদল এ ধর্মঘট ডেকেছে। তবে ধর্মঘটেও সব পরীক্ষা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০০৫ সালের ২৮ জুন সিনেট ওই ছাত্রীনিবাসের নাম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছিল। তবে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে ওই নাম বদলে ‘বেগম সুফিয়া কামাল হল’ রাখার সিদ্ধান্ত হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক আবদুল মতিন প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদসহ সাত দফা দাবিতে ধর্মঘট ডেকেছে ছাত্রদল। কর্তৃপক্ষ দাবি না মানলে প্রয়োজনে লাগাতার ধর্মঘটের হুমকিও দিয়েছে তাঁরা।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী প্রথম আলোকে জানান, ধর্মঘটের কারণে কোনো পরীক্ষা স্থগিত থাকবে না। পূর্বনির্ধারিত সব পরীক্ষাই সময়মতো অনুষ্ঠিত হবে। কাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও কলাভবন পরীক্ষা কেন্দ্রে মোট ২০টি বিভাগের পরীক্ষাসহ মেডিকেলের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।