কাল থেকে জনশক্তি রপ্তানি কার্যক্রম বন্ধ বায়রার (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল সোমবার থেকে জনশক্তি রপ্তানি-সংক্রান্ত সব ধরনের সেবা প্রদান কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং অ্যাজেন্সি (বায়রা)। আজ রোববার এক সংবাদ সম্মেলনে বায়রার সভাপতি শাহজালাল মজুমদার এ ঘোষণা দেন। রাজধানীর ইস্কাটনে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরীসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।সরকারিভাবে লোক পাঠানোর নামে বাজার স্থবির করা হচ্ছে—এমন অভিযোগে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। ফলে কার্যত তারা আর জনশক্তি রপ্তানি কার্যক্রমে অংশ নিচ্ছে না। এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর বায়রা একই রকম ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তারা অবস্থান থেকে সরে আসে এবং সরকারিভাবে সরকার লোক পাঠাতে পারলে তারা স্বাগত জানাবে বলে জানায়। বায়রার সভাপতি শাহজালাল মজুমদার তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘সরকার মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে সরকারিভাবে (জিটুজি) জনশক্তি রপ্তানির উদ্যোগ নিয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত এর কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। বরং আমরা মনে করছি, এতে জনশক্তি রপ্তানি-প্রক্রিয়া স্থবির হয়ে আছে।’শাহজালাল মজুমদার বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এ শিল্পে কাজ করে যাচ্ছি। কিন্তু আজ আমাদের বাদ দিয়ে সরকার যেসব উদ্যোগ নিচ্ছে, তাতে শ্রমবাজার একেবারেই সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা একের পর এক বাজার চালুর উদ্যোগ নিই কিন্তু সরকার জিটুজি নামে সেসব বাজার বাধাগ্রস্ত করে। এসব কারণে আমরা জনশক্তি রপ্তানি বন্ধসহ সব ধরনের সেবা প্রদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’কবে নাগাদ আবার জনশক্তি রপ্তানির প্রক্রিয়া চালু করা হবে—এমন প্রশ্নের জবাবে মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ‘বেসরকারি খাতের ওপর নির্ভর করে আজ এ খাত এত দূর এসেছে। সরকার যখন বেসরকারি খাতের গুরুত্ব অনুধাবন করবে, আমাদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেবে, তখনই আমরা আমাদের এ সিদ্ধান্ত থেকে সরে আসব।’জি টু জি পদ্ধতিতে লোক পাঠানো নিয়ে দীর্ঘদিন ধরেই সরকারের সঙ্গে ব্যবসায়ীদের দ্বন্দ্ব চলছে। বিশেষ করে দীর্ঘ চার বছর পর মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা জাগলেও সরকার এ খাত থেকে বেসরকারি ব্যবসায়ীদের বাদ রাখার সিদ্ধান্ত নেয়। সরকার নিজ উদ্যোগে লোক পাঠানোর জন্য নিবন্ধন-প্রক্রিয়া শুরু করে। সারা দেশে এটি ব্যাপক প্রশসিংত হয়। তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো লোক যেতে না পারায় এ প্রক্রিয়া আদৌ বাস্তবে রূপ নেবে কি না, সেই সন্দেহ জেগেছে। সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, অতিরিক্ত অভিবাসন খরচসহ বায়রার নানা অনিয়মের কারণেই সরকারিভাবে লোক পাঠানোর সিদ্ধান্ত। তবে বায়রা বলছে, সরকার যে খরচে লোক পাঠাচ্ছে, সেই প্রক্রিয়ায় তারাও কম খরচে লোক পাঠাতে পারবে। আর যেসব অনিয়মের কথা বলা হচ্ছে, সেগুলোও সরকার নিয়ন্ত্রণের মাধ্যমে দূর করতে পারে।