কাল থেকে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন ও একত্রিংশতম বার্ষিক অধিবেশন। সম্মেলন হবে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে। সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন কাজী শাহজাহান হাফিজ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। উপস্থিত ছিলেন পরিষদের নির্বাহী সভাপতি সন্জীদা খাতুন, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন, বুলবুল ইসলাম, মিতা হক প্রমুখ। ‘রাজশাহী ১৯৭১’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠাননিজস্ব প্রতিবেদক রাজশাহী জানান, রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের মাস্টার শেফ রেস্তোরাঁয় গতকাল মঙ্গলবার বিকেলে হলো রাজশাহী ১৯৭১: অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বয়ান বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সনৎ কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত তিনজন মুক্তিযোদ্ধা—বদিউজ্জামান, নূর হামিম ও আজাদ আলী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মলয় কুমার ভৌমিক। এবারের অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশ করেছে প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান প্রথমা প্রকাশন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রথমা প্রকাশনের প্রধান নির্বাহী জাফর আহমদ। এ ছাড়া মাস্টার শেফ রেস্তোরাঁর সামনে ছিল প্রথমা প্রকাশনের বইয়ের বিক্রয় ও প্রদর্শনী, এবং প্রথম আলো ও প্রথম আলো বন্ধুসভার স্মারক প্রদর্শনী। সীমানা পেরিয়ে দেখাবাংলাদেশে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য বলেন, ‘ভারত-বাংলাদেশের সৌন্দর্য হচ্ছে দুই দেশের মূল্যবোধ ও আকাঙ্ক্ষাগুলো এক। দুই দেশের জনগণ শান্তি ও নিরাপত্তা চায়। এটাই সম্পর্কের সৌন্দর্য। যার ফলে অল্প সময়ে আমরা অনেক কিছু অর্জন করেছি।’ গতকাল মঙ্গলবার মুক্তিযুদ্ধ জাদুঘরে সাংবাদিক হারুন হাবীবের সংকলিত বই লুকিং বিয়নড বাউন্ডারিস-এর (সীমানা পেরিয়ে দেখা) মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ইংরেজি দৈনিক দি ইনডিপেন্ডেন্ট-এর সম্পাদক মাহবুবুল আলম, সাবেক সেনাপ্রধান ও সেক্টর কমান্ডার ফোরামের মহাসচিব হারুন-অর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন, বইয়ের লেখক হারুন হাবীব ও বইটির প্রকাশক সাহিত্য প্রকাশের কর্ণধার মফিদুল হক। গওহর রিজভী বলেন, ‘বাংলাদেশের ৪০ বছরে বিভিন্ন সময় আমাদের ইতিহাস বিকৃত করার চেষ্টা হয়েছে। এই বইয়ের বড় দিক হলো, বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে সঠিক ইতিহাস বস্তুনিষ্ঠভাবে উঠে এসেছে। আনোয়ার হোসেন বলেন, ‘ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ও পানির সমস্যা রয়েছে। সীমান্তে কাঁটাতার আছে। কাঁটাতারে একজনকে ঝুলিয়ে রাখা হয়েছিল। আবার নির্মমভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে সীমান্তে। এসব ঘটনা আমাদের হতাশ করছে। আমাদের এ ক্ষত নিরাময় করতে হবে।’ ভারতের দ্য হিন্দু পত্রিকা, ফ্রন্টলাইন ম্যাগাজিনসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ৪৯টি নিবন্ধ ও মন্তব্য প্রতিবেদনের সংকলনটি প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ। নাগরিক সমস্যা ও নগর পরিকল্পনা নিয়ে বইশেলেটকের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ও পরিকল্পনাবিদ তৌফিক এম সেরাজের নাগরিক সমস্যা ও নগর পরিকল্পনা বইয়ের মোড়ক উন্মোচন করা হয় গতকাল। পান্থপথের শেলেটক্ লাউঞ্জে কথাসাহিত্যিক আনিসুল হক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ বইটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেলেটকের পরিচালক (উন্নয়ন) তানভির আহমেদ, পার্ল পাবলিকেশনসের স্বত্বাধিকারী হাসান জায়েদী প্রমুখ। অনুষ্ঠানে বইটির লেখক তৌফিক এম সেরাজ জানান, পার্ল পাবলিকেশনস প্রকাশিত এই বইয়ে উঠে এসেছে শহরের নানা সমস্যা ও সমাধান।