কাল থেকে ঢাকা আন্তর্জাতিক বইমেলা শুরু
ঢাকা আন্তর্জাতিক বইমেলা কাল বুধবার ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ মেলা চলবে। এবারের বইমেলার প্রতিপাদ্য ‘রূপকল্প ২০২১: রূপায়নে গ্রন্থ’। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। তথ্যমন্ত্রী জানান, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ১৯৯৫ সাল থেকে বইমেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এর আগে ঢাকা বইমেলা নামে ১৪ বার মেলাটি হয়েছে। আর এবার নিয়ে তৃতীয়বারের মতো ঢাকা আন্তর্জাতিক বইমেলা নামে মেলাটি হবে। ছুটির দিন বাদে প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিন মেলা চলবে বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত। তথ্যমন্ত্রী কাল বিকেল চারটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারের মেলায় ২২৩টি স্টল থাকবে এবং ১৫১টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। মেলার বাজেট ৩০ লাখ টাকা। আর দর্শনার্থীরা পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে মেলায় ঢুকতে পারবেন।