কাল থেকে ঢাকায় তিন দিনের জলবায়ু সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ুর পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অভিন্ন একটি মঞ্চ তৈরি করতে ১৭টি দেশের ২৩ জন সাংসদকে নিয়ে কাল বুধবার থেকে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করবেন।আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বন ও পরিবেশ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।‘ইন্টারন্যাশনাল মিটিং অব পার্লামেন্টারিয়ানস অন ক্লাইমেট চেঞ্জ: বিয়ন্ড কপ ১৭’ শীর্ষক তিন দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং উত্তর আমেরিকার ১৭টি দেশের ২৩ জন সাংসদ অংশ নেবেন। সম্মেলনটি অনুষ্ঠিত হবে রাজধানীর র্যাডিসন হোটেলে।সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মোমিন তালুকদার আন্তর্জাতিক সম্মেলনের বিভিন্ন তথ্য তুলে ধরেন।কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরী জানান, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট দেশগুলোর কার্যকর অনুশীলনের অভিজ্ঞতা-বিনিময় ও জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে সংসদ সদস্যদের নেটওয়ার্ক সৃষ্টি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে সংসদীয় কৌশলগত জোট গঠনে সহায়তা করা সম্মেলনের অন্যতম লক্ষ্য।অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ফিলিপাইন, সামোয়া, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, মালি, ইথিওপিয়া, উগান্ডা, সেনেগাল, কেনিয়া, কোস্টারিকা, কানাডা, স্কটল্যান্ড, নেদারল্যান্ড। এ ছাড়া যুক্তরাজ্য এবং নরওয়ে থেকে বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন বলেও জানা গেছে।