কাল থেকে দেশের সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা
যানজটসহ বিভিন্ন কারণে কাল শনিবার থেকে রাজধানীসহ সারা দেশের সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি প্রতিষ্ঠান ও সমমানের ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামী সোমবার থেকে ছুটি ঘোষণা করা হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ও। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে।প্রসঙ্গত, গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১০ রমজান থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণার প্রস্তাব দিয়েছিল। এর আগে যানজট নিরসনে ব্যবসায়ী ও ঢাকা মহানগর পুলিশ রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি জানিয়েছিল।ছুটি ঘোষণার বিষয়টি জানিয়ে গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, রমজান ও ঈদ উপলক্ষে প্রতিবারই শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়া হয়। এবার ছুটি কিছুটা এগিয়ে আনা হয়েছে। তিনি বলেন, অনেক শিক্ষক রোজা রাখেন, শিক্ষার্থী ও অভিভাবকেরাও রোজা রাখেন। সবার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মন্ত্রী বলেন, ছুটি এগিয়ে আনার কারণে চার থেকে পাঁচটি ক্লাস ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে পরবর্তী সময়ে এ ক্লাসগুলো পুষিয়ে নেওয়া হবে। পরীক্ষা চলছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে তিনি বলেন, যাদের পরীক্ষা চলছে, তারা নিজেদের মতো করে পরীক্ষা নিয়ে নেবে। এতে কোনো বাধা নেই। এ সিদ্ধান্তের ফলে যানজট কমে আসবে বলে আশা প্রকাশ করেন নুরুল ইসলাম নাহিদ। উল্লিখিত ছুটি শেষে বার্ষিক শিক্ষা পঞ্জিকা মোতাবেক পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্লাস চালু হবে।