কাল থেকে রংপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
রংপুর জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ তিনটি বাস-ট্রাক টার্মিনালের উন্নয়ন, বর্ধিত পৌর কর কমানো, শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি, নসিমন বন্ধসহ পাঁচ দফা দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। এ জন্য রংপুর থেকে ঢাকাগামী বাসসহ ২৪টি রুটে বাস, ট্রাক চলাচল বন্ধ থাকবে। আজ মঙ্গলবার এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।এদিকে আজ দুপুরে ধর্মঘটের সমর্থনে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মশিউর রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মজিদসহ অনেকে।সমাবেশে বক্তারা বলেন, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রতিষ্ঠার পর থেকে ২৫ বছরে কোনো উন্নয়ন কিংবা সংস্কার করা হয়নি। এই বাস টার্মিনাল থেকে পৌরসভা প্রতি বছর ইজারা বাবদ কমপক্ষে ২০ লাখ টাকা আদায় করছে।