কাল থেকে রাজধানীর শিশুদের আনন্দময় স্কুল যাত্রা
বাসে উঠতে গিয়ে ব্যথা পাওয়া, সিট না পাওয়া বা দেরিতে স্কুলে পৌঁছানোর মতো ভোগান্তিগুলো আর শিক্ষার্থীদের পোহাতে হবে না। বাসের মধ্যে ভিডিওতে শিশুতোষ সিনেমা ও শিক্ষামূলক বিভিন্ন বিষয় দেখতে দেখতে স্কুলে যাবে। নির্দিষ্ট স্টপেজে নেমে কার্ড পাঞ্চ করলেই বাড়িতে থাকা অভিভাবক খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানতে পারবেন তাঁর সন্তানটি নিরাপদে পৌঁছেছে। স্কুলের শিক্ষার্থীদের স্কুল যাত্রাকে আনন্দময় করতে এবং রাস্তায় যানজট নিরসনের লক্ষ্যে স্কুল বাসগুলোকে এভাবেই সাজানো হয়েছে। আজ শনিবার মিরপুর বাংলা উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ থেকে এই স্কুল বাস সেবার উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। কাল রোববার থেকে বাসগুলো রাস্তায় নামবে। আবুল হোসেন বলেন, মন্ত্রণালয়ের কর্মসূচিতে স্কুল বাসের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাবে। তিনি বলেন, ‘গত ১০০ বছরে বিভিন্ন সরকার যা করেনি, গত দুই বছরে বর্তমান সরকার উদ্যোগী হয়ে বিভিন্ন কাজে হাত দিয়েছে।’যোগাযোগমন্ত্রী জানান, ১৯ জানুয়ারি এলিভেটেড এক্সপ্রেস চুক্তি সই হবে। আগামী জুলাই মাসের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু করা সম্ভব হবে। ২০১২ সালের মধ্যে ঢাকায় মেট্রো রেলের যোগাযোগ শুরু হবে। অনুষ্ঠানের যোগাযোগসচিব মোজাম্মেল হক খান, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) চেয়ারম্যান এম এম ইকবাল, মিরপুর এলাকার সাংসদ ইলিয়াস উদ্দীন মোল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়েছে, বিআরটিসির তত্ত্বাবধানে পল্লবী থেকে আজিমপুর ভায়া টেকনিকেল হয়ে ১৪টি বাস ১০ মিনিট পরপর সকাল ছয়টা (শীতের সময় সাড়ে ছয়টা) থেকে নয়টা এবং আবার ১১টা থেকে দুপুর তিনটা পর্যন্ত শিক্ষার্থীদের আনা নেওয়া করবে। মোট ৩৩টি স্টপেজে বাসগুলো থামবে। নগরের ২৬টি স্কুল এ বাসের সেবা পাবে। শিক্ষার্থীদের বাসের মধ্যে দেখভাল করবেন একজন প্রশিক্ষিত নারীকর্মী। প্রয়োজন মনে করলে একজন অভিভাবকও বাসে যাতায়াত করতে পারবেন। পাঁচ টাকা থেকে ১৮ টাকা পর্যন্ত প্রাথমিকভাবে ভাড়া নির্ধারণ করা হয়েছে।