কাল থেকে সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস কর্মসূচি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে কাল শনিবার থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বা কর্মসূচি শুরু হচ্ছে। এ কার্যক্রমের আওতায় দুই থেকে পাঁচ বছরের এক কোটি ৭০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। পাশাপাশি এক থেকে দুই বছর বয়সী আনুমানিক ৩০ লাখেরও বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ শুক্রবার মহাখালীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ কথা জানান। তিনি জানান, সারা দেশে এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রের পাশাপাশি আরও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রে এ কার্যক্রম চলবে। কর্মসূচিটি সফল করতে মাঠ পর্যায়ে নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও পরিবার পরিকল্পনা কর্মী ছাড়াও প্রতি কেন্দ্রে তিনজন করে মোট চার লাখ ২০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন।স্বাস্থ্যমন্ত্রী অভিভাবকদের উদ্দেশে বলেন, যেসব শিশু কৃমিনাশক বড়ি খাবে, টিকাদান কেন্দ্রে আনার আগে তাদেরকে অবশ্যই কিছু খাইয়ে আনতে হবে। কারণ, খালি পেটে কৃমিনাশক বড়ি খাওয়ানো হলে শিশুর কিছুটা সমস্যা হতে পারে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন এ কেবল রাতকানা ও অন্ধত্বই প্রতিরোধ করে না, বরং শিশু মৃত্যুর হার ও শিশু মৃত্যুর ঝুঁকিও শতকরা ২৩ থেকে ৩৪ ভাগ কমিয়ে দেয়। এ ছাড়া হাম, ডায়েরিয়া, হাম-পরবর্তী নিউমোনিয়ার জটিলতা ও স্থায়িত্ব কমাতেও সহায়তা করে এটি। ভিটামিন এ শরীরে এক ধরনের প্রতিষেধক হিসেবে কাজ করে। তাই এবারের কর্মসূচির স্লোগান নির্ধারণ করা হয়েছে, ‘শিশুকে ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান।’