কাল থেকে সিএনজিচালিত অটোরিকশার নতুন ভাড়া
ঢাকায় সিএনজিচালিত অটোরিকশার নতুন ভাড়া ও দৈনিক জমা কাল রোববার থেকে কার্যকর করা হচ্ছে।ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বরকতউল্লাহ আজ শনিবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন এ কথা জানান। তিনি চালকদের মিটার অনুযায়ী যাত্রী পরিবহন এবং মালিকদের সরকার নির্ধারিত হারে জমা নেওয়ার আহ্বান জানান।গত ৪ নভেম্বর যোগাযোগ মন্ত্রণালয় চালক-মালিকদের চাপে রাজধানীতে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ও মালিকের জমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল।নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দুই কিলোমিটারের জন্য ভাড়া ধার্য করা হয়েছে ২৫ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া সাত টাকা। মালিকের দৈনিক জমা নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মিনিট ওয়েটিংয়ের (যানজট, যাত্রাবিরতি ও সিগন্যাল) জন্য এক টাকা ২৫ পয়সা করা হয়েছে। বর্তমানে প্রথম দুই কিলোমিটারের ভাড়া ১৪ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ছয় টাকা নির্ধারিত আছে। প্রতি মিনিট ওয়েটিংয়ের জন্য নির্ধারিত আছে এক টাকা। মালিকের জমা সাড়ে ৪০০ টাকা।