কাল থেকে ৮ নভেম্বর পর্যন্ত হল বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল রোববার থেকে ৮ নভেম্বর পর্যন্ত কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ের হলসমুহ বন্ধ ঘোষণা করা হয়েছে। কাল বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদেরকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি এক সিন্ডিকেট সভায় এ নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে কুষ্টিয়া শহরে অবস্থিত উপাচার্যের বাসভবনে আজ রাত সাড়ে ৮টার দিকে সিন্ডিকেটের জরুরি সভা হয়। সভায় উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিনের সভাপতিত্বে সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কাল বেলা ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধের নির্দেশ দেওয়া হয়। দুর্গাপূজা ও ঈদুল আজহার ছুটি শেষে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের হল আগামী ৯ নভেম্বর খোলার নির্দেশ দেওয়া হয়। তবে অফিসসমূহ আগামী ২২ অক্টোবর পর্যন্ত চলবে। আগামী ২২ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত পূজা ও ঈদুল আজহা উপলক্ষে অফিস ছুটি থাকবে এবং আগামী ৮ নভেম্বর অফিস খোলা হবে। সভায় আগামী ১০ নভেম্বর থেকে ক্লাস পরীক্ষা চালু করার ব্যাপারে সকলে আশাবাদ ব্যক্ত করেন। সহকারী প্রক্টর আবু হেনা মোস্তফা জামাল জানান, কাল সকালে সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।সভা শেষে উপাচার্য এম আলাউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করেই হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এ সময়ের মধ্যে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’ তবে আগামী ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবে চালু করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে গত ৩৫ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।