কাল থেকে ‘আমাদের শার্লক হোমস’
চ্যানেল নাইনে কাল থেকে প্রচার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘আমাদের শার্লক হোমস’। স্যার আর্থার কোনাল ডয়েলের ‘শার্লক হোমস’ সিরিজের ছায়া অবলম্বনে এটি নির্মিত হয়েছে। আমাদের শার্লক হোমস যৌথভাবে রচনা করেছেন জাকারিয়া সৌখিন ও মনোয়ার কবির। আর পরিচালক হলেন আরিফ এ আহনাফ। ধারাবাহিকটির শার্লক হোমস চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন লাক্স তারকা টয়া।পরিচালক আরিফ এ আহনাফ বলেন, ‘আমাদের শার্লক হোমস বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত হবে। স্যার আর্থার কোনাল ডয়েল তাঁর সিরিজটি ব্রিটেনের প্রেক্ষাপটে রচনা করেছেন। তিনি শার্লক হোমস সিরিজে মোট ৬৫টি ছোটগল্প এবং চারটি উপন্যাস লিখেছেন। এই গল্পগুলোর ছায়ার সঙ্গে বাংলাদেশের বর্তমান সময় এবং সমাজব্যবস্থা যোগ হবে। গল্পের বক্তব্য ঠিক রেখে একেবারে নতুন করে উপস্থাপন করা হবে। এতে দর্শক আমাদের দেশের নিজস্ব স্টাইলে শার্লক হোমসের স্বাদ পাবেন।’প্রতি সপ্তাহে ধারাবাহিকটির তিনটি পর্ব প্রচার হবে। প্রতি তিন পর্বে একটি করে গল্প শেষ হবে। চ্যানেল নাইনে সপ্তাহের প্রতি শনি, রবি ও সোমবার রাত ১১টায় দেখানো হবে ধারাবাহিকটি।