কাল দিনাজপুরে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ১৩ উপজেলায় কাল বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ছাত্রশিবির। জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আহত শিবিরকর্মী মুজাহিদুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় এ হরতাল ডাকা হয়েছে। এদিকে আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলার খানসামা উপজেলার গোয়ালডিহিতে গ্রামের বাড়িতে মুজাহিদুল ইসলামের লাশ দাফন করা হয়েছে। জানাজা ও দাফনের আগে দেওয়া বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো. মঈনুল ইসলাম মুজাহিদের নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে দিনাজপুরের ১৩ উপজেলায় হরতাল কর্মসূচির ঘোষণা দেন। দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী এতে সমর্থন দেয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দেশব্যাপী জামায়াতের ডাকা হরতাল সফল করার লক্ষ্যে গতকাল সোমবার সন্ধ্যায় রানীরবন্দরে জামায়াত-শিবির মিছিল বের করে। এ সময় জামায়াত ও শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭৩টি রাবার বুলেট, ২১টি কাঁদানে গ্যাসের শেল ও ২৫টি গুলি ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে খানসামা উপজেলার জামায়াতের আমির আতাউর রহমানের ছেলে শিবিরকর্মী মুজাহিদ ইসলাম (১৫) গুরুতর আহত হয়। আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মুজাহিদ গোয়ালডিহি গোলাম রহমান শাহ আলিম মাদরাসার দাখিল পরীক্ষার্থী।গতকাল সন্ধ্যায় মুজাহিদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের ময়নাতদন্তের পর তার নিজ বাড়িতে আনা হয়। তার জানাজায় বিএনপির সাবেক সাংসদ মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর জেলা জামায়াতের আমির মো. আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আবুল আলা মো. মাহবুবুর রহমানসহ বৃহত্তর রংপুর ও রাজশাহী বিভাগের জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা জামায়াতের আমির মো. আনোয়ারুল ইসলাম কাল দিনাজপুরে শিবিরের ডাকা হরতালে সমর্থনের কথা প্রথম আলো ডটকমকে জানান।