কাল দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ
আগামীকাল বুধবার দেশব্যাপী গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনারও নিন্দা জানিয়েছে দলটি।আজ মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ ঘোষণা দেন। আগামীকালের কর্মসূচিতে বাধা দিলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দিয়েছে দলটি।দেশব্যাপী ‘গণহত্যা’র প্রতিবাদে এবং দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।বিবৃতিতে সাম্প্রতিক সময়ে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত। একই সঙ্গে এসব ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শনাক্ত করে শাস্তি দেওয়ার আহ্বান জানায় দলটি। সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।