কাল দেশে ফিরছেন এভারেস্ট জয়ী মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট বিজয়ী মোহাম্মদ আবদুল মুহিত (৪১) কাল শনিবার দেশে ফিরবেন। এর আগে আজ শুক্রবার তাঁকে সংবর্ধনা দিয়েছে নেপালের বাংলাদেশ দূতাবাস। এতে মুহিত ছাড়াও তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।নেপালের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আজ বিকেল চারটায় মুহিতকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় নেপালের বাংলাদেশের রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিক, বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) সভাপতি ইনাম-আল হক, মুহিতের ছোট ভাই এবং তাঁর এক মামা উপস্থিত ছিলেন।নিমচন্দ্র ভৌমিক মুহিতের প্রশংসা করে বলেন, ‘আমাদের দেশের তরুণেরা এখন অনেক কিছু করছে। তারা এখন এভারেস্ট জয় করে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরছে। এই তরুণেরা বাংলাদেশের গর্ব। তাদের পথ ধরে ভবিষ্যতে আরও অনেকেই এভারেস্টে যাবে।’ এম এ মুহিত সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কাল শনিবার তিনি এভারেস্ট সামিটার রেস্টুরেন্ট রাম ডুডলে যাবেন। ওখানে রাখা স্বাক্ষর বোর্ডে এভারেস্ট বিজয়ী হিসেবে স্বাক্ষর করবেন। ওই স্বাক্ষর বোর্ডে সব এভারেস্ট বিজয়ী স্বাক্ষর করেছেন। এখান থেকে তিনি বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরবেন। গত বছরের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম। মুহিত দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এ বছরের ২১ মে এভারেস্ট জয় করেন।