কাল নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলে সরকারের অপচেষ্টার প্রতিবাদে কাল শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সাংবাদিকদের এসব কথা বলেন।দলীয় সূত্র জানায়, বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কাল কর্মসূচি ঘোষণা করা হবে। এই ইস্যুতে বিএনপি ইতিমধ্যে তিন দিন হরতাল কর্মসূচি পালন করেছে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল চেষ্টার প্রতিবাদে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।এদিকে উত্তরাঞ্চলের নেতাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের আজকের বৈঠক স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে উত্তরাঞ্চল অভিমুখে বিএনপির রোডমার্চ কর্মসূচির আয়োজন নিয়ে এ বৈঠক হওয়ার কথা ছিল।দলের একটি সূত্র জানিয়েছে, বৃষ্টির কারণে বিএনপির রোডমার্চ কর্মসূচি আয়োজনে সমস্যা দেখা দিতে পারে। বৃষ্টি অব্যাহত থাকলে ২৬ ও ২৭ জুন নির্ধারিত ওই কর্মসূচি বাতিল করা হতে পারে।কারামুক্ত নেতাদের জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন: ১২ ও ১৩ জুন বিএনপির ডাকা টানা হরতালে গ্রেপ্তার ও আটক হওয়ার পর মুক্ত নেতারা আজ জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁদের সঙ্গে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। আন্দোলনের পরবর্তী কর্মসূচি কাল জানানো হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর সরকার বিএনপির দাবির কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে।মহাখালী থেকে গ্রেপ্তারের পর জামিনে মুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহম্মদসহ কারামুক্ত নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।