কাল নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ
বিএনপি আগামীকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া আগামী বৃহস্পতিবার দেশের পৌরসভা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে।মির্জা ফখরুল বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তা না হলে গণ-আন্দোলনের মাধ্যমে এর জবাব দেওয়া হবে। বিএনপি নেতা ফখরুল বলেন, জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট একটি বেসরকারি ব্যক্তি উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠান। তিনি বলেন, যেহেতু প্রতিষ্ঠানটি ট্রাস্ট হিসেবে রেজিস্ট্রিকৃত সেহেতু এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেবলমাত্র জেলা প্রশাসক মামলা করতে পারেন। দুর্নীতি দমন কমিশনের এ ক্ষেত্রে মামলা করার কোনো এখতিয়ার নেই। তিনি বলেন, প্রতিষ্ঠানটির সব কাজকর্ম ট্রাস্ট অ্যাক্টের মাধ্যমে পরিচালিত হয়। প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনের কাজ চেকের মাধ্যমে প্রকাশ্যে হয়েছে। বিএনপি নেতা ফখরুল আরও বলেন, প্রধানমন্ত্রী দেশ ও জাতিকে ভয়ানক অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছেন। জাতিকে অন্ধকার সুড়ঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, জনগণ গণ-আন্দোলনের মাধ্যমে হীন আওয়ামী ষড়যন্ত্রের জবাব দেবে। সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা অর্থপাচার মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদ জানিয়ে এটি তুলে নেওয়ার দাবি জানানো হয়। তিনি দুর্নীতি দমন কমিশনকে নখ-দন্তহীন প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেন। প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্টে আর্থিক অনিয়মের অভিযোগে দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে গতকাল সোমবার রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে। মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ।খালেদা জিয়া ছাড়া এই মামলায় অপর তিন আসামি হলেন তাঁর সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাজনৈতিক সচিবের একান্ত সচিব জিয়াউল ইসলাম (বর্তমানে বিআইডব্লিউটিএর ভারপ্রাপ্ত পরিচালক) এবং ঢাকার মেয়রের একান্ত সচিব মনিরুল ইসলাম খান।মামলায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধ উত্স থেকে অর্থ সংগ্রহ, কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ৪২ কাঠা জমি কেনায় অনিয়ম এবং ট্রাস্টের নামে জমির নামজারি না করার অভিযোগ আনা হয়েছে।