কাল নেলদেন বন্ধ থাকতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ সোমবার লেনদেন নিষ্পত্তিতে জটিলতা দেখা দিয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সার্ভারে সমস্যার কারনে এই জটিলতা দেখা দিয়েছে বলে বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক সূত্রে জানা গেছে। রাত ১২ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত লেনদেন নিষ্পত্তি হয়নি বলে একাধিক ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।এ ব্যাপারে সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এইচ সামাদ প্রথম আলো ডটকমকে বলেন, সিডিবিএলের সার্ভারে সমস্যার কারণে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক থেকে আজকের বিক্রয়কৃত শেয়ার দিনের লেনদেন শেষে সংশি¬ষ্ট ব্রোকারের ক্লিয়ারিং হিসাবে জমা করা সম্ভব হয়নি। তবে এই সমস্যা সমাধানে সিঙ্গাপুর ও মুম্বাইয়ের কারিগরি সহায়তা নিয়ে সিডিবিএলের কারিগরি দল কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।সামাদ আরও বলেন, কারিগরি সমস্যার বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) জানানো হয়েছে। যেহেতু এটি একটি কারিগরি সমস্যা এবং অনেক সময় অতিবাহিত হয়েছে, তাই আগামীকালের মধ্যে আজকের সমস্যা সমাধান হলেও কিছুটা কারিগরি ত্রুটি থাকতে পারে। এক্ষেত্রে কালকের লেনদেন চালিয়ে যাওয়ার ব্যাপারে কাল সকালে এসইসি সিদ্ধান্ত নেবে।এদিকে রাত পৌনে ১২ টা পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্দান্ত না হওয়ায় কাল মঙ্গলবার লেনদেন বন্ধ থাকতে পারে বলে জানা গেছে। এ ব্যাপারে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ এ হাফিজ প্রথম আলো ডটকমকে বলেন, সিডিবিএলে সমস্যার কারণে সাড়ে ১০টা নাগাদ লেনদেন নিষ্পত্তি সম্পন্ন হয়নি। তবে এ সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানান তিনি।এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী রাত ১০টা ৫০ মিনিটে প্রথম আলো ডটকমকে বলেন, সিডিবিএলের সফটওয়্যারে সমস্যার কারণে আজকের লেনদেন এখনও নিষ্পত্তি হয়নি। সিডিবিএলের পক্ষ থেকে এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সমস্যা সমাধান হলে লেনদেন নিষ্পত্তি করা হবে বলেও জানান তিনি। এক্ষেত্রে কাল মঙ্গলবার সকাল পর্যন্ত সময় লেগে যেতে পারে বলেও জানান তিনি।