কাল-পরশু ৩৬ ঘণ্টার হরতাল
কাল রোববার সকাল ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী।গতকাল শুক্রবার পৃথক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে বিএনপি ও জামায়াত। দল দুটির নেতারা বলেছেন, জোটগতভাবে নয়, তাঁরা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নিজ নিজ অবস্থানে থেকে হরতাল পালন করবেন।রোববার ও সোমবার যেসব স্থানে ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা, ওই সব এলাকা হরতালের আওতামুক্ত থাকবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।এই হরতালের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা ঘোষণা করেছে চারদলীয় জোটের আরেক শরিক ইসলামী ঐক্যজোট।একতরফাভাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস মুছে ফেলা, মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্কের ধারা বিলুপ্তির অপচেষ্টা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, গ্যাস-বিদ্যুৎ-পানির তীব্র সংকট, শেয়ারবাজার ধ্বংস ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ লুণ্ঠনের প্রতিবাদে এই হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াত।দল দুটি একই দাবিতে ৫ জুন হরতাল পালন করেছে। বর্তমান সরকারের আমলে এর আগে এককভাবে বিএনপি চারটি হরতাল পালন করে খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি রক্ষা ও তাঁর দুই ছেলের মামলা প্রত্যাহারের দাবিতে।বিএনপির সংবাদ সম্মেলন: গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতালের কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে হরতাল পালন করবে। হরতালে বাধা দেওয়ার চেষ্টা হলে এর দায় সরকারকে নিতে হবে।মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ সংবিধানকে দলীয়করণ ও ব্যক্তিকরণ করেছে। আদালতকে দিয়ে ‘হাসিনা মার্কা’ গণতন্ত্র প্রতিষ্ঠা করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ‘সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস মুছে ফেলা এবং মুসলিম বিশ্বের সঙ্গে বিশেষ সম্পর্কের ধারা বিলুপ্তের লক্ষ্যে সংসদীয় বিশেষ কমিটির সুপারিশ জনগণের বিশ্বাস ও চেতনার প্রতি চরম অবমাননা বিশ্বাসঘাতকতা। সরকারের এই উদ্যোগ দেখে মনে হয়, তারা নিজেদের ঈমান, আকিদা, সংস্কৃতি ও জাতীয় মূল্যবোধ বিসর্জন দিয়ে হলেও প্রভুদের মনোরঞ্জন করাকেই বেশি গুরুত্ব দিচ্ছে।’মির্জা ফখরুল জানান, ২০১১-১২ অর্থবছরের বাজেটের বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া অচিরেই জানানো হবে। এ জন্য একটি কমিটি কাজ করছে।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, রিজভী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।জামায়াতের সংবাদ সম্মেলন: গতকাল সকালে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, একসময় শেখ হাসিনা বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আজ সেই তিনিই ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের কথা বলছেন। অথচ দেশের সব রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও জনগণ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পক্ষে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ টি এম আজহার বলেন, যারা বিরোধী দলকে মানববন্ধনের মতো নিরামিষ কর্মসূচি নিয়েও রাস্তায় দাঁড়ানোর অধিকার দিতে চায় না, তাদের অধীনে নির্বাচন হলে বিরোধী দলকে একটি আসনও দেবে না।হরতালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে চাইলে এ টি এম আজহার বলেন, ‘হরতালের সময় গাড়িতে অগ্নিসংযোগ করার কোনো ঘটনা ঘটেনি। হরতালের আগে ঘটেছে এবং তা পুলিশের উপস্থিতিতে। আমাদেরও প্রশ্ন, পুলিশের সামনে কীভাবে এ ধরনের ঘটনা ঘটে?’হরতাল ডাকার কারণ হিসেবে জামায়াত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল এবং সংবিধানে ধর্মনিরপেক্ষতা সংযোজনের প্রতিবাদ ছাড়াও একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিসহ ২১টি দাবির কথা জানিয়েছে।সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম খান, প্রচার সেক্রেটারি তাসনীম আলম, কর্মপরিষদের সদস্য এ টি এম মাছুম, সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সাংসদ হামিদুর রহমান আযাদ প্রমুখ উপস্থিত ছিলেন।ইসলামী ঐকজোটের সংবাদ সম্মেলন: গতকাল বিকেলে লালবাগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা ঘোষণা করে ইসলামী ঐক্যজোট।সংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংগঠনের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেন, ‘আমাদের যতটুকু শক্তি আছে, তা নিয়ে চার দলের সঙ্গে আছি। যেখানে যেখানে পারি, মিছিল নিয়ে মাঠে থাকার চেষ্টা করব।’বাজেটের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুফতি আমিনী বলেন, বাজেট বিসমিল্লাহতেই গলদ। কারণ অর্থমন্ত্রী বিসমিল্লাহ পড়েননি। বর্তমান বাজেটকে ধনীকে ধনী, গরিবকে গরিব করার বাজেট উল্লেখ করে তিনি বলেন, কখনো ক্ষমতায় গেলে তাঁরা ইসলামী বাজেট দেবেন।সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ: কয়েকটি ধর্মভিত্তিক সংগঠনের মোর্চা সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ আগামী রোববার সকাল-সন্ধ্যা পৃথক হরতালের কর্মসূচি ঘোষণা করেছে।গতকাল জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর সড়কে এক বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী। সংবিধানে ধর্মনিরেপক্ষতা সংযোজনের প্রতিবাদ এবং প্রস্তাবিত জাতীয় নারী উন্নয়ন নীতি ও শিক্ষানীতি সংশোধনের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।