কাল পিলখানায় বিডিআর বিদ্রোহের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যাকাণ্ডের প্রায় এক বছরের মাথায় কাল মঙ্গলবার বিডিআর বিদ্রোহের বিচার শুরু হচ্ছে। দুপুর ১২টায় প্রথম আদালত বসছে বিডিআরের সেই দরবার হলে। এতে ঢাকা সেক্টরের বিদ্রোহীদের বিচার করা হবে। গত বছরের ২৫ ফেব্রুয়ারি সকালে এই দরবার হল থেকেই বিডিআর বিদ্রোহ শুরু হয়েছিল।বিডিআর সদর দপ্তরের সূত্র জানায়, সারা দেশে বিদ্রোহী বিডিআর সদস্যদের বিচারের জন্য ছয়টি আদালত গঠন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় দুটি আদালত এবং ঢাকার বাইরে চারটি আদালত আছে। এসব আদালতের মধ্যে এরই মধ্যে রাঙামাটিতে দুটি, ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড় ও ঠাকুরগাঁও ইউনিটে বিচার শুরু হয়েছে। সারা দেশে মোট ৫০টি ইউনিটে বিচার কার্যক্রম চলবে। ঢাকায় স্থাপন করা দুটি আদালতে ১০টি ইউনিটের বিচার সম্পন্ন হবে। এতে সাড়ে তিন হাজার জওয়ানের বিচার করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিডিআরের কর্মকর্তারা সংখ্যার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তাঁরা বলেন, ১০টি ইউনিটের তদন্ত শেষ হওয়ার পরই এ সংখ্যা নিশ্চিত করে বলা যাবে।দুটি আদালতের মধ্যে কাল সদর দপ্তরের প্রথম বিচার হচ্ছে বিশেষ আদালত-৫-এ। এ আদালতে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম সভাপতির দায়িত্ব পালন করবেন। এতে সদস্য হিসেবে বিডিআরের দুজন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া অ্যাটর্নি জেনারেলের মনোনীত প্রতিনিধি মোহাম্মদউল্লাহ বিশেষ আদালতকে প্রয়োজনীয় সহায়তা করবেন।জানতে চাইলে বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবায়দুল হক আজ সোমবার প্রথম আলোকে বলেন, কাল কতজনের বিচার করা হবে, সে সংখ্যাটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। সব ইউনিটের তদন্ত শেষ হওয়ার পরই এ সংখ্যা নিশ্চিত করে বলা যাবে।