কাল পূর্ণ চন্দ্রগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণ চন্দ্রগ্রহণ হবে কাল বুধবার। কাল বাংলাদেশ সময় রাত ১১টা ২৩ মিনিট ছয় সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশ করবে। পরের দিন বৃহস্পতিবার ভোর পাঁচটা দুই মিনিট ১২ সেকেন্ডে উপচ্ছায়া থেকে বেরিয়ে আসবে চাঁদ।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে, মেঘমুক্ত থাকলে কাল বাংলাদেশে চন্দ্রগ্রহণ দেখা যাবে।বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের সাধারণ সম্পাদক আমানুল ইসলাম বলেন, কাল আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১২টা ২৩ মিনিটে এবং চন্দ্রগ্রহণের পূর্ণতা পাবে রাত দুইটা ১২ মিনিটে। চন্দ্রগ্রহণ ১০০ মিনিট স্থায়ী হবে। পূর্ণগ্রহণ শেষ হবে ভোর রাত চারটা দুই মিনিটে এবং ভোর পাঁচটায় শেষ হবে এর শেষ উপচ্ছায়া পর্যন্ত।চক্রের সভাপতি শাহজাহান মৃধা বলেন, এই পূর্ণ চন্দ্রগ্রহণই ২০১১ সালের প্রথম চন্দ্রগ্রহণ। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে ১০ ডিসেম্বর। পৃথিবীর ছায়ার কেন্দ্রে চাঁদ প্রায় ১০০ মিনিট অন্ধকারাচ্ছন্ন থাকবে বলে কালকের চন্দ্রগ্রহণ বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে এ রকম অবস্থায় পূর্ণ চন্দ্রগ্রহণ হয়েছিল ২০০০ সালের ১৬ জুলাই। পরবর্তী এ রকম চন্দ্রগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে ২০১৮ সালের ২৭ জুলাই পর্যন্ত।এদিকে পূর্ণগ্রহণটি দেশব্যাপী পর্যবেক্ষণের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিভিন্ন সংগঠন। দেশের কেন্দ্রীয় পর্যবেক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্রাঙ্গণে। ক্যাম্পটি সবার জন্য উন্মুক্ত থাকবে। বাসস।