কাল প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র পরিষদ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পরিষদ (স্টুডেন্টস কাউন্সিল) নির্বাচন কাল শনিবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার আরও ৫০৩টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। শিশুকাল থেকে গণতন্ত্রের অভ্যাস গড়ে তোলাসহ বিভিন্ন উদ্দেশ্যে গত বছর পরীক্ষামূলকভাবে ২০টি উপজেলায় বাছাই করা ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে ছাত্র পরিষদ গঠিত হয়।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে কিছু বিদ্যালয়ে ১২ থেকে ১৬ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অধিদপ্তরের উপপরিচালক মো. ফসিউল্লাহ প্রথম আলোকে বলেন, কাল সিংহভাগ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়মানুযায়ী তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এ নির্বাচনে প্রার্থী ও ভোটার। এ তিনটি শ্রেণী থেকে কমপক্ষে দুজন করে প্রতিনিধি নিয়ে সাত সদস্যের ছাত্র পরিষদ গঠিত হবে। মেয়াদ হবে এক বছর। তবে প্রতিটি শ্রেণী থেকে দুজন করে (একজন ছাত্র ও একজন ছাত্রী) সহযোগী প্রতিনিধি মনোনীত করা যাবে। নির্বাচিত প্রতিনিধিরা পরিষদের প্রথম সভায় কাউন্সিল প্রধান মনোনীত ও নিজেদের মধ্যে দায়িত্ব বণ্টন করবে।