স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের কাছে বর্ণের নকশা চাওয়া হয়েছিল বর্ণমেলার জন্য। আগামীকাল একুশে ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বর্ণমেলায় সেসব বর্ণ প্রদর্শিত হবে। গতকাল ছিল বর্ণ পাঠানোর শেষ দিন। শিক্ষার্থীদের কাছ থেকে বর্ণ পাঠানোর ব্যাপারে ব্যাপক সাড়া পাওয়া গেছে। কেউ হয়তো লাল-সবুজের পতাকার মধ্যে এঁকেছে ‘মা’, কেউ আবার মাটি আর ধান দিয়ে নকশা করেছে তার প্রিয় বর্ণমালার। আজ দেশবরেণ্য শিল্পীরা বর্ণ প্রদর্শনীর জন্য আসা সেরা বর্ণ বাছাই করবেন। এখান থেকে বাছাই করা সেরা ৫০টি বর্ণ প্রদর্শিত হবে আগামীকাল বর্ণমেলায়। এই ৫০ জনের সবার জন্যই থাকবে পুরস্কার। প্রথম আলো আয়োজিত প্রথম এই বর্ণমেলায় শিশুদের জন্য থাকবে বর্ণ নিয়ে বেশ কিছু প্রতিযোগিতা। বর্ণ প্রদর্শনীর বাইরেও থাকবে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। সব প্রতিযোগিতাই হবে দুটি বিভাগে। প্রাথমিক বিভাগে অংশ নিতে পারবে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। মাধ্যমিক বিভাগে অংশ নেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা হবে সকাল নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত। চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। দিনব্যাপী বর্ণমেলায় সব বয়সী মানুষের মধ্যে বাংলা বর্ণ তথা ভাষা সম্পর্কে মমত্ববোধ বাড়ানোর জন্য বর্ণ নিয়ে থাকবে নানা আয়োজন। যে শিশুটির এখনো বাংলা বর্ণে হাতেখড়ি হয়নি, তার জন্য যেমন হাতেখড়ির আয়োজন থাকবে, তেমনি বড়দের জন্যও থাকবে বর্ণ নিয়ে জানা-অজানা বিষয়ে মজার আয়োজন। বাংলা বর্ণমালা নিয়ে বিভিন্ন প্রদর্শনী, আড্ডা, গোলকধাঁধা, নাগরদোলা, আলোকচিত্র প্রদর্শনী, হাতের লেখা, পাপেট-মাপেট শো, মাইম প্রদর্শনী, ভাষা ও বর্ণের গান, কবিতা, ছবি আঁকার প্রতিযোগিতা ইত্যাদি। বর্ণমালা নিয়ে খাবার, পোশাক, বই ইত্যাদি প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থাও থাকবে বর্ণমেলায়। বর্ণমেলায় গান গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারা এবং কনকচাঁপা ও জাগরণ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের শিল্পীরা।বর্ণে যাদের এখনো হাতেখড়ি হয়নি, তাদের জন্য বর্ণমেলায় থাকবে আকর্ষণীয় আয়োজন ‘হাতেখড়ি’। শিশুদের হাতে ধরে সেখানে বর্ণ আঁকা শেখাবেন শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, আবুল বারক আলভী, শিশির ভট্টাচার্য্য, কবি নির্মলেন্দু গুণসহ বিশিষ্টজনেরা। গুণীজনের স্বাক্ষরসহ সেই বর্ণ দিয়ে দেওয়া হবে শিশুদের। যেসব শিশু এখনো বর্ণ আঁকা শেখেনি, বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে তারা বর্ণে হাতেখড়ি নিতে পারবে। বর্ণমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।বর্ণমেলায় সহায়তা করছে অটবি, নাভানা, পারটেক্স, স্যান্ডালিনা ও সামিট।