কাল বাজেট অধিবেশন শুরু, বিএনপির যাওয়া অনিশ্চিত
নবম সংসদের ত্রয়োদশ অধিবেশন কাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় শুরু হচ্ছে। এই অধিবেশনে ২০১২-১৩ অর্থবছরের বাজেট পাস হবে। অধিবেশন কত কার্যদিবস স্থায়ী হবে, তা কাল বিকেল সাড়ে চারটায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে।প্রধান বিরোধী দল বিএনপি এবং তাদের নেতৃত্বাধীন শরিক দলগুলো থেকে বাজেট অধিবেশনে যোগদানের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি। আজ শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত একটি মানববন্ধন কর্মসূচিতে বলেছেন, বাজেট অধিবেশনে বিএনপির যোগ দেওয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বিএনপিকে সংসদে যোগ দিতে হলে তাদের সংসদীয় দলের বৈঠকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।বিএনপি সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনর্বহাল, নিখোঁজ ইলিয়াস আলী এবং জোটের কারা অন্তরীণ পাঁচ সাংসদসহ ৩৪ নেতার মুক্তি না দিলে বিরোধী দল বাজেট অধিবেশন পুরোপুরি বর্জন করতে পারে। টানা ৭৭ কার্যদিবস অনুপস্থিত থাকার পর মূলত সদস্যপদ রক্ষায় বিএনপি ও তাদের শরিক দলের সাংসদেরা সংসদের দ্বাদশ অধিবেশনে (১৮ মার্চ) যোগ দিয়েছিলেন।সংসদে নিয়মিত না থাকলেও দ্বাদশ অধিবেশন পর্যন্ত বিএনপি ও তাদের শরিকরা ৭১৬টি মুলতবি প্রস্তাব জমা দিয়েছিল। স্পিকার এসব প্রস্তাবের একটিও গ্রহণ করেননি। বাজেট অধিবেশনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত না হলেও এরই মধ্যে তারা ১৭টি মুলতবি প্রস্তাব জমা দিয়েছে। মুলতবি প্রস্তাবের বিষয়গুলো হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনর্বহাল, দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার এবং তাঁদের নামে মামলা দায়ের, দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গুম ইত্যাদি। সূত্র জানায়, বাজেট অধিবেশনের জন্য এখন পর্যন্ত ৫০০টির বেশি সিদ্ধান্তপ্রস্তাব সংশ্লিষ্ট শাখায় জমা পড়েছে।