কাল বাজেট পেশ, অধিবেশনে থাকছে না বিএনপি
প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতেই কাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিকেল তিনটায় এ বাজেট পেশ করবেন। একই সঙ্গে ২০০৯-২০১০ অর্থবছরের সম্পূরক বাজেট ও অর্থবিল উত্থাপন করা হবে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের এটি দ্বিতীয় বাজেট।কিছুটা ডিজিটাল পদ্ধতিতে এবার সংসদে বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রী বাজেটের সংক্ষিপ্ত সার তুলে ধরবেন। অধিবেশন কক্ষে রাখা একাধিক ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বাজেটের উল্লেখযোগ্য দিক সংসদকে অবহিত করা হবে।২ জুন নবম সংসদের অধিবেশন শুরু হয়। নবম জাতীয় সংসদের এটি পঞ্চম অধিবেশন।বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দল এই অধিবেশনের প্রথম দিন সংসদে যোগ দিলেও এর পর আর ফেরেনি। দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল এবং এর সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে তারা সেদিন দুই দফা ওয়াকআউট করে। এর পর থেকে তারা সংসদে অনুপস্থিত।বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদীন প্রথম আলোকে বলেছেন, বাজেট পেশের পর তারা দলীয়ভাবে আলোচনা করে অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।