কাল বিএনপি সংসদে যোগ দিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিকরা কাল সোমবার সংসদে যোগ দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।আজ রোববার সংসদের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে জয়নাল আবদিন এই ইঙ্গিত দেন।এ বিষয়ে কাল বিকেল চারটায় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার কথা। সূত্র জানিয়েছে, সংসদীয় দলের বৈঠক শেষে কালই বিএনপি সংসদে ফিরতে পারে।জয়নাল আবদিন আরও জানান, সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়ার বিষয়ে সংসদীয় দলের সভা আহ্বান করা হয়েছে। সেখানেই সংসদে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।বিএনপি এত দিন বলে এসেছে, সংসদে যোগ দেওয়ার মতো পরিবেশ নেই। এখন কি সদস্যপদ রক্ষার জন্য বিএনপি সংসদে যোগ দেবে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে জয়নাল আবদিন বলেন, সংসদ সদস্যপদ রক্ষার জন্য নয়, ‘দেশ ও জাতির সমস্যা তুলে ধরতে আমরা সংসদে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। বিভিন্ন বিষয় নিয়ে সংসদে বিএনপির সদস্যদের দেওয়া মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ চাইবে বিরোধী দল। সরকারি দল এসব বিষয়ে আলোচনার সুযোগ দেয় কি না, তা আমরা দেখতে চাই। সংসদের পরিবেশ ঠিক হয়েছে কি না, তা এতেই প্রমাণ হবে।’গত ২৫ জানুয়ারি বর্তমান সংসদের অষ্টম অধিবেশন শুরু হয়। সর্বশেষ গত বছরের ২ জুন বিএনপি সংসদে যোগ দিয়েছিল।সংবাদ ব্রিফিংয়ে জয়নাল আবদিন বিমান মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় উপকমিটির তদন্ত প্রতিবেদনের সমালোচনা করেন। বিমানের দুর্নীতিসম্পর্কিত ওই প্রতিবেদনে সাবেক বিমানমন্ত্রী মীর নাছিরউদ্দিন ও খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের নেতৃত্বে দুর্নীতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, কমিটি ১৮ বছরের দুর্নীতির হিসাব দিয়েছে দাবি করলেও আওয়ামী লীগের শাসনামলের (১৯৯৬ থেকে ২০০১) দুর্নীতির কোনো হিসাব দেয়নি।সংবাদ সম্মেলনে বিএনপির সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, শহীদউদ্দিন চৌধুরী, মেসবাহ উদ্দিন, জামায়াতের শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।