কাল ভালোবাসার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক ফাগুনের গান সে আমার/ আর ফাগুনের কূলে কূলে/ কার খোঁজে আজ পথ হারাল/ নতুন কালের ফুলে ফুলে/ এক ফাগুনের মনের কথা আর ফাগুনের কানে কানে/ গুঞ্জরিয়া কেঁদে শুধায়, মোর ভাষা আর কেই বা জানে।’ রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের কথাটি যাঁরা মনে নিয়ে ঘুরছেন, তাঁদের জন্য মোক্ষম সময় আগামীকাল। আজ রাতে ঘড়িটা ১২টার কাঁটা ছুঁলেই ১৪ ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার মানুষটিকে নিয়ে ঘোরাফেরা করতে আগামীকালের চেয়ে ভালো সময় আর নেই বলে জানালেন রামপুরার বাসিন্দা জিসান আহমেদ। তবে শুধু যে ভালোবাসার মানুষকে নিয়ে ঘোরার জন্যই ভালোবাসা দিবস, এমনটি মানতে নারাজ অনেকেই। যেমনটি বলছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থী মিথিলা। তাঁর মতে, ‘প্রিয়জনকে কেন দিনের মোড়কে জড়াতে হবে। ভালোবাসা ছাড়া তো আমাদের একটা দিনও চলে না।’তার পরও নির্দিষ্ট দিনে প্রিয় মানুষটির সঙ্গে থাকার সময়টি নষ্ট করতে চান না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গাজি তাওহীদ আহমেদ। তাঁর প্রিয় মানুষটিকে চমকে দিতে দুর্লভ উপহার খুঁজছেন তিনি। তবে সবাই যে দুর্লভ উপহার খুঁজছেন, এমনটিও নয় কিন্তু। যেমন—ইডেন কলেজের শিক্ষার্থী পাপড়ি রহমান বলছিলেন, একটি ছোট্ট লাল গোলাপ, সেই সঙ্গে হাতে একটি গিফট বক্স ধরিয়ে দেওয়া যেতে পারে। গিফট বক্সে কী থাকবে, জানতে চাইলে তিনি বলেন, কী আর থাকবে। থাকতে পারে একটা টি-শার্ট, একটি মগ কিংবা অনেকগুলো লাভ ক্যান্ডি। যাঁরা এভাবে উপহার দেবেন, তাঁরা এখন ছুটছেন উপহারের ডালি নিয়ে বসে থাকা নগরের গিফট শপগুলোয়। বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয় সঙ্গীটিকে নিয়ে নিভৃতে সময় কাটাতে অনেকেই ছুটবেন নগরের খোলা হাওয়ার জায়গাগুলোয়। সেখানে অবশ্য হকারদের অত্যাচার সহ্য করা লাগতে পারে। তাই ধানমন্ডির রায়হান আজিজের মতো অনেকেই রেস্তোরাঁর আলো-আঁধারি পরিবেশেই প্রিয় মানুষটির হাতে হাত রেখে দুই দণ্ড প্রেমালাপ করতে চান। ‘স্থান হোক যথা তথা, কর্ম হোক ভালো’ এই প্রত্যয় নিয়েই ভালোবাসা দিবসটি কাটাতে চান অনেকেই। ভালোবাসার দিনে ঘোরার জন্য রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও ঘোরা যেতে পারে জাতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন), বলধা গার্ডেন, মিরপুর বেড়িবাঁধের মতো বেড়ানোর জায়গাগুলোয়। তবে দিনের আলো থাকতে থাকতে বাসায় ফিরে এলেই সবদিক দিয়ে দিনটা ভালোয় ভালোয় কাটানো যাবে, এমনটাই মনে করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তারা। এদিকে নানা আয়োজন নিয়ে ভালোবাসা দিবসকে বরণ করতে প্রস্তুত নগরের অভিজাত হোটেলগুলোও। ওই দিন রাতে নগরে নাচ-গানের আয়োজনও কম থাকবে না। নাগরিক জীবনের দুর্ভোগ ছাপিয়ে বিশেষ দিনে বেশ খানিকটা বিশ্বজনীন হয়ে উঠে ঢাকা, ভালোবাসা দিবস এসেও সেটা জানান দেয়।