কাল ভোট, পানির নিচে ৩০ কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপো-রেশনের নির্বাচন কাল বৃস্পতিবার। নির্বাচনে আটজন মেয়র পদে ও ৪১টি ওয়ার্ডে ২৫৩ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের ১৪ দিনের ক্লান্তিহীন প্রচারণা গতকাল মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে। টানা বৃষ্টির কারণে শেষ মুহূর্তের প্রচারণা বিঘ্নিত হয়েছে। টানা বৃষ্টির কারণে ভোট গ্রহণ প্রক্রিয়াও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নির্বাচনের মাত্র দুই দিন আগে গতকাল নগরের অন্তত ৩০টি কেন্দ্র পানিতে ডুবে গেছে।সরেজমিনে দেখা গেছে, হাঁটুসমান বৃষ্টির পানিতে থই থই করছে বাকলিয়া সরকারি ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়। বিদ্যালয়ের মাঠে জাল বিছিয়ে মাছ ধরছে লোকজন। অথচ কাল বৃহস্পতিবার সিটি করপোরেশনের নির্বাচনে এই স্কুলের তিনটি কেন্দ্রে ভোট নেওয়ার কথা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম হোসাইনী প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের নিচতলায় দুটি কেন্দ্র হওয়ার কথা। অথচ এখনো সেখানে পানি। পানি নেমে গেলেও কাদা পরিষ্কার করতে সময় লাগবে। এখন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’একই এলাকার বাংলাদেশ টিচার্স ট্রেনিং কলেজের নিচতলায় গত সোমবার রাতের বৃষ্টিতে কোমরসমান পানি জমেছে। দুপুরে পানি নেমে গেলেও কাদায় একাকার কক্ষগুলো। এখানে তিন কেন্দ্রের ১৮টি কক্ষে ভোট গ্রহণ নিয়ে চিন্তিত কলেজের অধ্যক্ষ রূপেশ কান্তি চৌধুরী। তিনি বলেন, ‘কমিশন চাইলে আমরা কোনোভাবে হয়তো দ্বিতীয় ও তৃতীয় তলায় কেন্দ্র স্থানান্তর করতে পারব। কিন্তু কলেজের রাস্তা ও মাঠে তো পানি থাকবে।’ একই অবস্থা হালিশহরের রাবেয়া বশরী বালিকা উচ্চবিদ্যালয়ে। এভাবে নগরে প্রায় ৩০টি ভোটকেন্দ্র এখনো পানিতে ডুবে আছে।পানিতে ডুবে যাওয়া ভোটকেন্দ্রে কাল ভোট গ্রহণ নিয়ে চিন্তায় পড়েছে নির্বাচন কমিশনও। গতকাল দুপুরে বৃষ্টি না হলেও বিকেল থেকে আকাশে ঘন কালো মেঘ এ উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এ পরিস্থিতিতে রিটার্নিং কর্মকর্তা জেসমীন টুলী সহকারী রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়ে কেন্দ্রের অবস্থা জানাতে বলেছেন। বৃষ্টির কারণে কয়টি কেন্দ্র ভোট গ্রহণের অনুপযোগী হয়ে পড়েছে, তা জানাতে চিঠিতে বলা হয়।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, বিষয়টি স্থানীয়ভাবে দেখা হচ্ছে। পুরো পরিস্থিতি সম্পর্কে জানার পর সিদ্ধান্ত নেওয়া হবে। ওই দিন ভোট গ্রহণ করা বা না করা নির্ভর করছে কেন্দ্রের অবস্থার ওপর।রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী বলেন, ‘আমরা ইতিমধ্যে ২০টি কেন্দ্রে পানি জমার বিষয়টি নিশ্চিত হয়েছি। সেনাবাহিনী পানি সরানোর কাজ করছে।’ তিনি আশা করেন, আজকের মধ্যে পানি নেমে যাবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার সিটি করপোরেশন নির্বাচনে ৪৪৫টি প্রতিষ্ঠানের ৬৭৩টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। এর মধ্যে ১৬৩টি প্রতিষ্ঠানে একাধিক কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও কমিউনিটি সেন্টার।গতকাল দিনভর ঘুরে দেখা গেছে, বাকলিয়া, হালিশহর ও চান্দগাঁও থানা এলাকার অনেক কেন্দ্র পানিতে ডুবে আছে। কিছু কেন্দ্রের পানি নেমে গেলেও কাদায় একাকার। থেমে থেমে বৃষ্টি হওয়ায় এসব কেন্দ্র নিয়ে শঙ্কা আরও বাড়ছে।আবহাওয়ার পূর্বাভাসও জানাচ্ছে শঙ্কার কথা। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহজাহান আলম বলেন, আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এ বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর জানায়, আমবাগান কেন্দ্রে গতকাল বিকেল তিনটা পর্যন্ত পূববর্তী ২৪ ঘণ্টায় ২৪৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পতেঙ্গা কেন্দ্রে রেকর্ড করা হয় ১৩৬ মিলিমিটার।পানিতে ডুবে আছে বা ভোট গ্রহণের অনুপযোগী কেন্দ্রের মধ্যে রয়েছে বাকলিয়া টিচার্স ট্রেনিং কলেজ (৩), বাকলিয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় (৩), ডন ভিউ কিন্ডারগার্টেন, বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানরাইজ কিন্ডারগার্টেন, ক্রিস্টাল ভিউ কিন্ডারগার্টেন, কাপাসগোলা প্রাথমিক বিদ্যালয় ও কাপাসগোলা সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ।চরচাক্তাই এলাকায় রয়েছে শহীদ এনএমজে কলেজ (২), শুলকবহরের সুচায়ন বিদ্যাপীঠ, আহমদিয়া প্রাথমিক বিদ্যালয়, রেনেসাঁ কেজি স্কুল ও শৈলবালা সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়। হালিশহরের রাবেয়া বশরী বালিকা উচ্চবিদ্যালয়, চান্দগাঁও এলাকার বহদ্দারহাট এনএমসি উচ্চবিদ্যালয় (২), এখলাছুর রহমান প্রাথমিক বিদ্যালয় (৪), ওয়াপদা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় (২) ও ফরিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (২) পানিতে ডুবে আছে।প্রার্থী: মেয়র পদে এবার প্রার্থী হয়েছেন আটজন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মন্জুর আলমের মধ্যে। মহিউদ্দিন জাহাজ প্রতীক ও মন্জুর আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।সিটি করপোরেশন এলাকার ৪১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫৩ জন আর মহিলাদের সংরক্ষিত ১৪টি কাউন্সিলর পদে প্রার্থী হন ৫৯ জন। মেয়র পদে দুই প্রার্থীকে রাজনৈতিকভাবে সমর্থন দেওয়ায় এ নির্বাচন এখন আওয়ামী লীগ ও বিএনপির মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে।নির্বাচনে এবার ভোটার হয়েছেন ১৬ লাখ ৮৮ হাজার ৬৭৬ জন, যা গতবারের সিটি করপোরেশন নির্বাচনে ভোটারের চেয়ে প্রায় সাড়ে পাঁচ লাখ বেশি। এবার পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা যথাক্রমে আট লাখ ৭৩ হাজার ১৬৫ ও আট লাখ ১৫ হাজার ৫১১।