কাল ভ্রাম্যমাণ আদালতও থাকবেন
আগামীকাল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আট ঘণ্টা অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের পাশাপাশি রাজধানী জুড়ে ১০টি ভ্রাম্যমাণ আদালত থাকবেন। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলো ডট কমকে বলেন, রাজধানীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ১০টি ভ্রাম্যমাণ আদালতও মাঠে কাজ করবেন। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধ ও মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত তত্পর থাকবেন বলে জানান তিনি।আজ রাজধানীর বিজয়নগরে একটি ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগ ও দুইটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। কে বা কারা এ হামলা চালিয়েছে, তা জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর একটার দিকে কয়েকজন অজ্ঞাত পরিচয় যুবক অতর্কিতে বিজয়নগর এলাকার একটি ব্যক্তিগত গাড়ি ও একটি মাইক্রোবাসে ভাঙচুর চালায়। পরে তারা আরেকটি প্রাইভেটকারে আগুন দেয়। প্রথম আলো ডট কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।