কাল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ
দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মাধ্যমিক (এসএসসি), কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার ফল কাল সোমবার প্রকাশ করা হবে।ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে জানান, কাল সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করা হবে। এরপর বেলা একটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল জানানো হবে। আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ হবে বেলা আড়াইটায়।প্রতিষ্ঠানের পাশাপাশি পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেও ফল সংগ্রহ করতে পারবে। মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তার (এসএমএস) মাধ্যমেও নির্দিষ্ট পদ্ধতিতে ফল পাওয়া যাবে।গত ১ ফেব্রুয়ারি মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।