কাল মুক্তাঙ্গনে সভা-সমাবেশ নিষিদ্ধ
রাজধানীর মুক্তাঙ্গন ও আশপাশের কয়েকটি এলাকায় কাল বুধবার সকাল ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার একই সময়ে মুক্তাঙ্গনে কয়েকটি সংগঠন সমাবেশ ডেকেছে। এ সংগঠনগুলো হলো শরিয়াহ আইন বাস্তবায়ন কমিটি, সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদ এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। প্রায় একই সময়ে একই জায়গায় সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ।এ কারণে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে পুলিশ কমিশনার বেনজীর আহমেদ সকাল ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুক্তাঙ্গন এবং এর পার্শ্ববর্তী পল্টন ময়দান, দৈনিক বাংলা মোড়, জিরো পয়েন্ট, বায়তুল মোকাররম উত্তর ও দক্ষিণ গেট, শাপলা চত্বর, ফুলবাড়িয়া, সেগুনবাগিচা, রমনা ও আশপাশের এলাকায় সব ধরনের মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই সময়ে এসব এলাকায় ছড়ি বা লাঠি, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহনও নিষিদ্ধ।