কাল মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভিত্তিফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার দক্ষিণ এশিয়ার দ্বিতীয় মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভিত্তিফলক উন্মোচন করতে চট্টগ্রাম যাচ্ছেন।কাল সকালে মেরিন একাডেমির ৪৫তম ব্যাচ ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেডে সালাম গ্রহণ শেষে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন বলেও আশা করা হচ্ছে। সেখানে তিনি মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভিত্তিফলকও উন্মোচন করবেন। পরে তিনি মেরিনার মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেবেন।প্রস্তাবিত বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক মেরিন একাডেমির কমান্ড্যান্ট নৌ প্রকৌশলী সাজিদ হোসেন বলেন, মেরিটাইম সেক্টরে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশে মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার।এর ফলে ৭১২ কিলোমিটার বিশাল সমুদ্রসীমা-সংবলিত পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশে মেরিন শিক্ষায় যেমন যুগান্তকারী পরিবর্তন আসবে, একই সঙ্গে বিশ্ব মেরিটাইম সেক্টরে গবেষণা ও নীতিনির্ধারণী ক্ষেত্রেও বাংলাদেশি মেরিন এক্সপার্টরা অবদান রাখতে সক্ষম হবেন।জানা গেছে, ‘বাংলাদেশ মেরিন একাডেমিকে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ এবং বাংলাদেশে নতুন পাঁচটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা’ শীর্ষক প্রকল্পটি ২০১৩ সালের মধ্যে বাস্তবায়ন হওয়ার কথা। প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৬৯৯ কোটি ১১ লাখ টাকা। এর মধ্যে ৫০০ কোটি টাকা বৈদেশিক সাহায্য এবং ১৯৯ কোটি ১১ লাখ টাকা সরকারি কোষাগার থেকে ব্যয় করা হবে।ইন্টারন্যাশনাল শিপিং ফেডারেশনের সার্ভে রিপোর্টে বলা হয়েছে, ২০১২ সালে সারা বিশ্বে সমুদ্রগামী জাহাজে মেরিন অফিসারের ঘাটতি হবে প্রায় দুই লাখ। এদিকে টোকিওভিত্তিক ‘সমুদ্র নীতিমালা গবেষণা ফাউন্ডেশন’ আরও অগ্রবর্তী জরিপ প্রতিবেদনে বলেছে, ২০৫০ সালে সারা বিশ্বে তিন লাখ ৬৪ হাজার মেরিন অফিসার পদে শূন্যতা দেখা দেবে। বাসস।