কাল রংপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
রংপুর থেকে ঢাকাসহ সব জেলায় কাল শনিবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। পাঁচ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেলে প্রেসক্লাবে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেয়। দাবিগুলো হলো—কেন্দ্রীয় ও ঢাকা বাস টার্মিনাল সংস্কার, নছিমন করিমন ও ভটভটিতে যাত্রী পরিবহন বন্ধ, উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ, পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ এবং ট্রাক্টর ও ট্রলিতে যাত্রী পরিবহন বন্ধ।আজ বিকেল তিনটায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রংপুর মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এম এ মজিদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোকসেদ আলীসহ শ্রমিক নেতারা। এম এ মজিদ বলেন, এসব দাবিদাওয়া নিয়ে ইতিমধ্যে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। এ দাবিগুলো নিয়ে কোনো আলোচনা না হওয়া শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।