কাল রাজধানীতে বিএনপির গণ-অবস্থান কর্মসূচি
বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ ও অযোগ্যদের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে—এই অভিযোগ এনে এর প্রতিবাদে কাল বুধবার গণ-অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে বিএনপির জোটভুক্ত ও সমমনা দল এবং পেশাজীবী সংগঠনও অংশ নেবে।গত ১৯ মে ঢাকায় মহাসমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এই কর্মসূচি ঘোষণা করেন। বর্তমান সরকারের আমলে এখন পর্যন্ত এটাই বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি।কর্মসূচি সফল করতে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে দলের চেয়ারপারসন খালেদা জিয়া গত মাসের শেষ সপ্তাহ থেকে গত সোমবার পর্যন্ত সমমনা দল ও পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠক করে তাঁদের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান। আর এসব দলের পক্ষ থেকে কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির নেতাদের বসার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের কেন্দ্রীয় নেতারা বিকেলে সেখানে যান। পরিদর্শন শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, গণ-অবস্থান কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপিরসহ ১১টি সহযোগী সংগঠনের নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সকাল থেকেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন।