কাল লাল টিপের মুক্তি
১৭ ফেব্রুয়ারি শুক্রবার মুক্তি পাচ্ছে স্বপন আহমেদ পরিচালিত বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনার চলচ্চিত্র লাল টিপ। এ উপলক্ষে গতকাল বুধবার স্টার সিনেপ্লেক্সে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই দিন লাল টিপ ছবির রেড কার্পেট অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ছবিটির ফ্রান্স অংশের নির্বাহী প্রযোজক এনায়েত উল্লাহ, পরিচালক স্বপন আহমেদ, প্রধান দুই অভিনয়শিল্পী কুসুম সিকদার ও ইমন। এসেছিলেন ছবির অন্য অভিনয়শিল্পী শহিদুল আলম সাচ্চু, মুনিরা ইউসুফ মেমী, সোহেল খান ও মিশু সাব্বির। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর, ইলিয়াস কাঞ্চন, সৈয়দ আবদুল হাদী, পূর্ণিমা, কণাসহ আরও অনেকে।স্বাগত বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, ‘চ্যানেল আইয়ের দর্শকের সঙ্গে আমিও আন্তর্জাতিকমানের ছবি লাল টিপের উদ্বোধনী প্রদর্শনী দেখলাম।’অনুষ্ঠানে লাল টিপ ছবির ফ্রান্স অংশের নির্বাহী প্রযোজক এনায়েত উল্লাহ বলেন, ‘ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে আন্তর্জাতিকমানের ছবি লাল টিপের অংশীদার হতে পেরে আমি গর্বিত।’ছবিটির পরিচালক স্বপন আহমেদ বলেন, ‘লাল টিপ আমার মনে যে আশার আলো জ্বালিয়ে দিয়েছে, আমি কোনো দিনই ভুলব না। আমার বিশ্বাস আন্তর্জাতিকমানের একটি ছবি উপহার দিতে পেরেছি।’লাল টিপ ছবিটির শুটিং হয়েছে ফ্রান্স, থাইল্যান্ড ও বাংলাদেশে। ছবির সংগীত নিয়ে কাজ করেছেন অস্কারজয়ী ফরাসি সংগীতজ্ঞ মরিস জার, বাংলাদেশের ফুয়াদ, ইবরার টিপু, আরেফিন রুমী, আলী আকবর রূপু। গানে কণ্ঠ দিয়েছেন মাইকেল জ্যাকসনের বোন লা টয়া জ্যাকসন, সৈয়দ আব্দুল হাদী, জেমস, ফুয়াদ, ন্যান্সি, কণা, পড়শি, ইবরার টিপু, আরফিন রুমী, তাপস, কাজী শুভ ও উপল।অনুষ্ঠানে সদ্যপ্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদি স্মরণে নীরবতা পালন করা হয়।লাল টিপের উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মুনমুন। ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে আশীর্বাদ চলচ্চিত্র।