কাল শারদীয় দুর্গাপূজা শুরু
আবহমান বাংলার সর্বজনীন উত্সব শারদীয় দুর্গাপূজা আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। কাল দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব দুর্গাপূজা।কাল থেকেই পূজামণ্ডপগুলোতে দেবী দুর্গার প্রতিমা স্থাপন করা হবে। সকাল থেকেই উচ্চারিত হবে ‘যা দেবী সর্ব্বভূতেষু, মাতৃরূপেণন সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোন নমোঃ।’আসুরিক শক্তির বিনাশ আর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধিলাভের জন্য হিন্দু সম্প্রদায় যুগ যুগ ধরে মা দুর্গার আরাধনা করে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের মতে শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন আর শিষ্টের পালনে বিশ্বব্যাপী মঙ্গলধ্বনি দিয়ে মা দুর্গা এ সময় কৈলাশ ছেড়ে লোকালয়ে আসেন। আর ভক্তরা দেবীর পদতলে ভক্তিভরে পুষ্পাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে নানা অনুষ্ঠানের প্রক্রিয়ায় তাঁকে বরণ করে নেন।রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ বলেছেন, দেবী এবার দোলায় আগমন এবং গজে বা হাতিতে গমন করবেন। দোলায় আগমনে রোগ-বালাই, ঝড়-বৃষ্টি বাড়লেও গজে গমনে শস্যে পূর্ণ হবে বসুন্ধরা।মহালয়া উদযাপনের মধ্য দিয়ে দুর্গা উত্সব শুরু হয়ে গেলেও মূলত পাঁচ দিনব্যাপী চলে এই উত্সব। আগামীকাল ষষ্ঠীপূজা। কাল থেকেই ঢাকঢোল, কাসর, ঘণ্টা আর শঙ্খের ধ্বনিতে মুখর হয়ে উঠবে সব পূজামণ্ডপ।বৃহস্পতিবার দেবীর সপ্তমীপূজা, শুক্রবার মহাঅষ্টমী, শনিবার মহানবমী। আর রোববার সকালে শুরু হবে দশমীপূজা। সকাল নয়টা ৫৭ মিনিটের মধ্যেই পূজা সমাপন ও দর্পণ বিসর্জন এবং রাতে শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই দুর্গোত্সব।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার সারা দেশে প্রায় ২৭ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরেই মণ্ডপের সংখ্যা ১৯১টি।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র ঘোষ জানিয়েছেন, পূজা উপলক্ষে নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। প্রশাসন সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বলেও তিনি জানান।এ ছাড়াও দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে দেশের ২৭ হাজার মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। এতে র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই লাখ সদস্য মোতায়েন থাকবে। —বাসস