কাল শাহ আমানতে বিমান ওঠানামা শুরু হতে পারে
একটানা বৃষ্টির কারণে গতকাল মঙ্গলবার পুরো চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ জলাবদ্ধতার কারণেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত দুই দিন আকাশ পথে উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আজ বুধবার রাতে আর বৃষ্টি না হলে কাল বৃহস্পতিবার থেকে উড়োজাহাজ ওঠানামা শুরু হতে পারে। আজ বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র রেজাউল করিম প্রথম আলো ডটকমকে এ কথা জানান। গতকাল একটানা বর্ষণের পর রাতে থেমে যায়। এরপর আজ বুধবার বিকেলে এক পশলা বৃষ্টি হয়। তবে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আজ সন্ধ্যায় বিমানবন্দরের রানওয়ে থেকে পানি সরিয়ে গেছে। তবে বাতিগুলো শুকানোর কাজ শেষ করা যায়নি। রানওয়ের চারদিকের নালায় পানি জমে আছে। কারণ, খাল দিয়ে পানি গড়িয়ে যেতে পারছে না।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ৩০ জন সদস্য আজ সকাল থেকে দিনভর রানওয়ে-সংলগ্ন সিটি করপোরেশন খালটি পরিষ্কার করে। এতে সিটি করপোরেশনের একজন কর্মীও খাল পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় বলে জানা গেছে।