কাল শাহবাগে হরতাল প্রতিরোধ-বর্ম
জামায়াত-শিবিরের ডাকা আগামীকালের হরতাল প্রত্যাখ্যান করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রজন্ম চত্বরের আন্দোলনকারীরা। এ আহ্বান জানিয়ে তাঁরা বলেছেন, কাল শাহবাগে হরতাল প্রতিরোধ-বর্ম গড়ে তোলা হবে। আজ রোববার সন্ধ্যায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনকারীদের পক্ষ থেকে এ কথা জানানো হয়।সংসদে আজ বিকেলে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের সংশোধনী প্রস্তাব পাস হয়। একে একটি বড় বিজয় বলে মনে করছেন আন্দোলনকারীরা। যুদ্ধাপরাধীদের ফাঁসি—তাঁদের এই মূল দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।গত ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা কাদের মোল্লার যাবজ্জীবনের রায় প্রত্যাখ্যান করে ওই দিন বিকেল থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন চলছে। নিরবচ্ছিন্নভাবে সেই আন্দোলন চলছে গত ১৩ দিন ধরে।