কাল শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় ঘেরাও করবেন শিক্ষকেরা
এমপিওভুক্তির দাবিতে আগামীকাল বুধবার শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় ঘেরাও করবে আন্দোলনরত নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। আজ মঙ্গলবার বিকেলে নতুন এই কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে দিনের কর্মসূচি স্থগিত করা হয়। ঐক্যজোটের সভাপতি এশারত আলী প্রথম আলো ডটকমকে এ কথা জানান। ঐক্যজোটের ব্যানারে শিক্ষক-কর্মচারীরা দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঘেরাও করতে জাতীয় প্রেসক্লাব থেকে শিক্ষা ভবনের দিকে রওনা দেন। কিন্তু পশ্চিম পাশে কদম ফোয়ারার কাছে পুলিশ তাঁদের বাধা দেয়। বাধা ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাঁদের লক্ষ্য করে তরল কাঁদানে গ্যাস ছিটিয়ে (স্প্রে) দেয়। এর ঝাঁজ সইতে না পেরে শিক্ষক-কর্মচারীরা পল্টন মোড়ে গিয়ে সমাবেশ করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে নতুন কর্মসূচির ঘোষণা দেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেককে তরল গ্যাস দেওয়া হয়।স্বীকৃতি পাওয়া সব বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির (বেতন-ভাতা বাবদ মাসিক সরকারি টাকা) দাবিতে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করে ঐক্যজোট।