কাল শুভ বৌদ্ধপূর্ণিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উত্সব শুভ বৌদ্ধপূর্ণিমা কাল মঙ্গলবার। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বৌদ্ধসম্প্রদায়ের লোকজন এ প্রধান উত্সব পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে। বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে কাল সরকারি ছুটির দিন।উত্সব উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।বৌদ্ধবিহার সূত্র জানায়, কাল সকালে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। পরে বুদ্ধপূজা, মহাসংঘদান, মহা-অষ্টপরিষ্কারদানসহ বিভিন্ন ধর্মীয় কার্যাদি পালিত হবে। এর মধ্যে জগতের সব প্রাণীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা।বৌদ্ধধর্মমতে, আজ থেকে দুই হাজার ৫৫৪ বছর আগে এই দিনে মহামতি গৌতমবুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) অপর নাম দেওয়া হয় ‘বৌদ্ধপূর্ণিমা’।মানবজীবনের দুঃখ তাঁর দৃষ্টিগোচর হলে তিনি সম্পদ, ঐশ্বর্য তথা সংসার জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন এবং জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যু—এ চারটির কারণ উদঘাটন এবং মানুষের শান্তি ও মুক্তির লক্ষ্যে নিমগ্ন হন।একসময় রাজপ্রাসাদের বিত্ত-বৈভব ও সুখ এবং স্বজনদের মায়া ত্যাগ করে সিদ্ধিলাভের পন্থা অন্বেষণে তিনি বেরিয়ে পড়েন অজানার পথে। দীর্ঘ ছয় বছর সাধনার পর গৌতমবুদ্ধ বোধিপ্রাপ্ত হন। বাসস।