কাল শুরু মৈত্রীবন্ধন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষে মানুষে মৈত্রীই পারে বাংলাদেশ ও ভারত সম্পর্ককে সামনে এগিয়ে নিতে। এই লক্ষ্য নিয়ে কলকাতায় কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে মৈত্রীবন্ধন সাংস্কৃতিক উৎসব। দুই দেশের সেরা শিল্পী ও ব্যান্ডের অংশগ্রহণ থাকবে এই উৎসবে। খাদ্য উৎসব, সাইকেল শোভাযাত্রা—নানা কিছু থাকছে এ আয়োজনে। পরে নয়াদিল্লি ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে একই ধরনের উৎসব। বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্ক-উন্নয়ন এবং দুই দেশের জনগণ ও পাঠকদের মধ্যে যোগাযোগের সেতুবন্ধ গড়তে দৈনিক প্রথম আলো ও ভারতের অন্যতম ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া একসঙ্গে কাজ শুরু করেছে। এর অংশ হিসেবেই শুরু হচ্ছে এই সাংস্কৃতিক উৎসব। কলকাতা২৩ ফেব্রুয়ারি কলকাতার টালিগঞ্জ ক্লাব লনে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শুরু হবে মৈত্রীবন্ধন সাংস্কৃতিক উৎসব। অনুষ্ঠানে গান গাইবেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও ভারতের লোপামুদ্রা মিত্র। ২৪ ফেব্রুয়ারি প্রিন্সেপ ঘাটে একই সময়ে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পী ফেরদৌস আরা ও ভারতের প্রখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাস। ২৫ ফেব্রুয়ারি একই স্থানে একই সময়ে গান গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা ও উষা উত্থুপ। ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের লালনগীতিশিল্পী ফরিদা পারভীন ও ভারতের প্রভাতি বাউল সন্ধ্যা সাতটায় সংগীত পরিবেশন করবেন ওই প্রিন্সেপ ঘাটেই।২৭ ফেব্রুয়ারি দুই বাংলার দুই অন্যতম ব্যান্ড মাইলস ও চন্দ্রবিন্দু গাইবে কলকাতার নজরুল মঞ্চে। ২৯ ফেব্রুয়ারি একই স্থানে আরও দুই ব্যান্ড জেমসের নগর বাউল ও কলকাতার ক্যাকটাস গান পরিবেশন করবে। ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘মাতৃভাষার জন্য’ সাইকেল শোভাযাত্রা কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে।এ ছাড়া ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ‘ওহ! কলকাতা’ এবং ৬ বালিগঞ্জ প্যালেসে ইন্দো-বাংলাদেশ খাদ্য উৎসব অনুষ্ঠিত হবে। দিল্লি ও মুম্বাই২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় মুম্বাইয়ের বান্দ্রা ফোর্টে সংগীত পরিবেশন করবেন জেমস ও জাবেদ আলী। পরদিন নয়াদিল্লিতে পুরানা কিল্লায় গান গাইবেন জেমস ও ভারতের ব্যান্ড ইন্ডিয়ান ওশেন।