কাল শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলা একাডেমী আয়োজিত মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ২০১১। একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান জানিয়েছেন, গতবারের চেয়ে এবার নতুন আঙ্গিকে এবং আন্তর্জাতিক আবহের মধ্য দিয়ে অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে। আজ সোমবার সকাল ১০টায় বাংলা একাডেমীর সেমিনার কক্ষে অমর একুশে গ্রন্থমেলা ২০১১-বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।কাল মঙ্গলবার বেলা তিনটায় এ গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।শামসুজ্জামান খান বলেন, ‘একুশে আমাদের পরিচয়’ স্লোগান নিয়ে ১৯৮৪ সালে প্রথম বইমেলা শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় আমরা আজ এই পর্যায়ে এসে আন্তর্জাতিক আবহে গ্রন্থমেলা করার প্রস্তুতি নিচ্ছি। এবারের বিষয়বস্তু হচ্ছে, রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে পুরো মাস জুড়েই রবীন্দ্রনাথ বিষয়ে আলোচনা হবে। এবার বর্ধমান হাউসে জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘরও প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তিনি।বাংলা একাডেমীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রন্থমেলায় আন্তর্জাতিক আবহ নিয়ে আসতে প্রতিদিনের সেমিনারে এবার আলোচক হিসেবে দেশের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত থাকবেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার, শ্যামল চক্রবর্তী, চীনের অধ্যাপক তুং ইয়োছেন, ইয়াং ওয়েইমিং এবং স্পেনের অধ্যাপক খোসে পাস।সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এবার গ্রন্থমেলায় ৩৭৬টি প্রতিষ্ঠানকে তিনটি ইউনিটে মোট ৫৫৬টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রকাশনা সংস্থা ছাড়াও স্বেচ্ছাসেবী সংস্থাসহ সরকারি-বেসরকারি, সামাজিক-সাংস্কৃতিক এবং সেবামূলক প্রতিষ্ঠানও রয়েছে। এ বছর অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণকে ভাষাশহীদ, লেখক, সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীদের নামে মোট নয়টি চত্বরে বিন্যাস করা হয়েছে। চত্বরগুলো হলো—ভাষাশহীদ চত্বর, রবীন্দ্র চত্বর, ড. মুহম্মদ শহীদুল্লাহ চত্বর, নজরুল চত্বর, সাহিত্যবিশারদ চত্বর, সুফিয়া কামাল চত্বর, ধীরেন্দ্রনাথ চত্বর, সোমেন চন্দ চত্বর ও রোকেয়া চত্বর। এ ছাড়া শিশু কর্নারে থাকবে শিশু-কিশোরবিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিবারের মতো নতুন বইয়ের মোড়ক উন্মোচনের জন্য ব্যবস্থা থাকবে নজরুল মঞ্চে। গ্রন্থমেলার মিডিয়া সেন্টারে তাত্ক্ষণিক মেলাসংক্রান্ত তথ্য সরবরাহের জন্য ফ্যাক্স ও ই-মেইল সুবিধার ব্যবস্থা থাকবে। এ ছাড়া পুরো গ্রন্থমেলা প্রাঙ্গণকে ওয়াইফাই জোনে রূপান্তরিত করা হবে।মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থাসহ একাডেমীর নিরাপত্তাকর্মীরা। অতিরিক্ত নিরাপত্তার জন্য মেলা প্রাঙ্গণে থাকবে একাধিক ক্লোজসার্কিট ক্যামেরা। গ্রন্থমেলায় পাইরেট বই কিংবা বেআইনিভাবে প্রকাশিত বই কোনো স্টলে পাওয়া গেলে টাস্কফোর্স কর্তৃক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এবারে অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের ২০১০ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে থেকে সেরা গ্রন্থের জন্য প্রকাশককে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’ এবং গ্রন্থমেলায় সর্বাধিক সংখ্যক মানসম্মত বই প্রকাশের জন্য শ্রেষ্ঠ তিনটি প্রকাশনা প্রতিষ্ঠানকে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেওয়া হবে।ব্র্যাক ব্যাংকের আর্থিক সহযোগিতায় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি স্টেপ মিডিয়া অমর একুশে গ্রন্থমেলার যাবতীয় সাজসজ্জার কাজে বাংলা একাডেমীকে সহযোগিতা করছে বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।কাল থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত নয়টা এবং একুশে ফেব্রুয়ারি সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।