কাল শুরু হচ্ছে ১৭তম সার্ক শীর্ষ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের আদ্দু দ্বীপপুঞ্জের রাজধানী হিথাধুর কনভেনশন সেন্টারে কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ১৭তম সার্ক শীর্ষ সম্মেলন। দুই দিনের শীর্ষ সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘সেতুবন্ধন’।সার্কভুক্ত আটটি দেশের জনগণের জীবনযাত্রা পাল্টে দিতে দক্ষিণ এশিয়ার নেতারা দেশগুলোর বন্ধন জোরদার করে আগামী দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করবেন। সদস্য দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলাসহ বিভিন্ন বিষয় বিশেষ গুরুত্ব পাবে সার্ক শীর্ষ সম্মেলনে।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিসহ দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা এরই মধ্যে পৌঁছেছেন আদ্দু সিটিতে। আজ বুধবার বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। গ্যান বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে এ অঞ্চলের শীর্ষ নেতারা গেছেন ভিলিনগিলি দ্বীপের সাংরিলা রিসোর্টে। ১১ নভেম্বর পর্যন্ত সেখানে তাঁদের অবস্থান করার কথা।পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস প্রথম আলোকে বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, খাদ্যনিরাপত্তা, যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো শীর্ষ সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে। বিশেষ করে এ মাসের শেষে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠেয় জলবায়ু শীর্ষ সম্মেলনে একটি অভিন্ন অবস্থান নেবে সার্ক। এ বিষয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে গত সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত সার্ক পররাষ্ট্রসচিবদের বৈঠকে। শীর্ষ সম্মেলন শেষে এ ব্যাপারে দক্ষিণ এশিয়ার নেতারা একটি ঘোষণা দেবেন।’এদিকে গতকাল মঙ্গলবার বিকেলে সার্ক পররাষ্ট্রসচিবদের বৈঠক শেষে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব মোহাম্মদ নাসের সাংবাদিকদের বলেন, ‘শীর্ষ সম্মেলনে চারটি চুক্তি সই হবে। এগুলো হচ্ছে বীজ ভান্ডার গঠন, প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সাড়া বিষয়ে দুটি এবং পণ্যের মানের সমতাবিষয়ক পারস্পরিক সনদ ও মান নিশ্চিতকরণ বিষয়ে দুটি চুক্তি সই হবে।’ তাঁর মতে, পণ্যের মান নিয়ন্ত্রণ বিষয়ক দুটি চুক্তি সই হলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়বে।শীর্ষ সম্মেলনের কার্যসূচি: সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশন বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা আড়াইটায় শুরু হবে ইকুইটোরিয়াল কনভেনশন সেন্টারে। শীর্ষ নেতাদের বক্তৃতার মধ্য দিয়ে শেষ হবে উদ্বোধনী অধিবেশন। রাতে আদ্দু সিটির হুলহু মিধুতে নৈশভোজে যোগ দেবেন দক্ষিণ এশিয়ার নেতারা। পরশু সকালে ভিলা লালুতে অবকাশে মিলিত হবেন তাঁরা। বিকেলে আদ্দু ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের এ আয়োজনের।পরবর্তী শীর্ষ সম্মেলন নেপালে: সার্ক সচিবালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ২০১৩ সালের প্রথমার্ধে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এরই মধ্যে এ বিষয়টি চূড়ান্ত হয়েছে।