কাল শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে
যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ এবং খুলনা, সীতাকুণ্ড, চাঁদপুর, ফেনী, শ্রীমঙ্গল অঞ্চলসহ বরিশাল ও ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহটি কাল বৃহস্পতিবারও অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানানো হয়েছে।কাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগসহ দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া দেশের অন্যত্র মধ্য রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।দেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কাল ঢাকায় সূর্যোদয় সকাল ছয়টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ৩১ মিনিটে। বাসস।