কাল সংসদে যাবে না বিএনপি
জাতীয় সংসদের এবারের অধিবেশনেও বিরোধী দল বিএনপি যোগ দেবে না বলে জানিয়েছেন দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। বিএনপির এই নেতা অভিযোগ করেন, ‘গত চার বছরে স্পিকার বিরোধী দলের কোনো মুলতবি প্রস্তাব গ্রহণ করেননি। এই সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। তাই এবারের সংসদ অধিবেশনেও বিএনপি যোগ দেবে না।’ জয়নুল আবদিন ফারুক জাতীয় সংসদের স্পিকারের উদ্দেশে বলেন, তিনি এখনো সংসদে গিয়ে কথা বলতে বলেন। কিন্তু সংসদে গেলে কথা বলার সুযোগ পাওয়া যায় না। জয়নুল আবদিন আরও অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের জন্য একসময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাস্তায় আন্দোলন করলেও এখন তারাই এই সরকার চায় না। আগামীকাল বুধবার নবম সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হওয়ার কথা।