কাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেল ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানোর প্রতিবাদে কাল বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। এ ছাড়া আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও পরে নগরে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চারদলীয় জোটের অন্য শরিক ও সমমনা দলগুলোও যুগপৎভাবে এ হরতাল পালন করবে।বিএনপির এই ঘোষণার পর গতকাল জামায়াতে ইসলামীও বৃহস্পতিবার হরতাল পালনের ঘোষণা দিয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ ও দলের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে তারা এ হরতাল আহ্বান করেছে। এ ছাড়া চারদলীয় জোটের দুই শরিক ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ জাতীয় পার্টি বিএনপির ডাকা হরতালে সমর্থন দিয়েছে।গত সোমবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে হরতাল দেওয়ার সিদ্ধান্ত নেন। গতকাল সংবাদ সম্মেলনে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।এর আগে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৭ সেপ্টেম্বরের সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা ছিল। হঠাৎ কর্মসূচি দেওয়ার ব্যাপারে মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বলেন, জ্বালানির দাম সরকার হঠাৎ করে বাড়িয়েছে। এ বিষয়ে কারও সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়নি। জ্বালানির মূল্যবৃদ্ধি সরকারের অগণতান্ত্রিক ও একতরফা সিদ্ধান্ত। তিনি বলেন, বিএনপি জনগণের দল। তাই জনস্বার্থের কথা চিন্তা করেই এ কর্মসূচি দেওয়া হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জ্বালানির দাম বাড়িয়ে সরকার গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি সরকারের এমন একতরফা সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে। তিনি বলেন, গত এক বছরে তিনবার জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনগণের ভোগান্তি বেড়েছে এবং জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ সরকারের এ ধরনের সিদ্ধান্ত জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। তিনি দাবি করেন, সরকারের এ গণবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির ডাকা হরতালে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আছে।গত রোববার জ্বালানি তেল ও সোমবার সিএনজির দাম বাড়ানো হয়েছে।মির্জা ফখরুল বলেন, জনগণের দুর্গতিকে এ সরকার নিজেদের দায় মনে করে না। কেননা, এরা গণবিরোধী সরকার। সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তিনি বলেন, শেয়ারবাজার লুটপাট হয়ে যাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।সোমবার চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর কর্মসূচিতে পুলিশের হামলার নিন্দা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, সরকার বিরোধী দলকে সহ্য করতে পারছে না। হামলা-মামলার মাধ্যমে বিরোধীদের দমন-নিপীড়ন করার কৌশল করছে। তিনি গ্রেপ্তার জামায়াতের নেতাদের মুক্তি দাবি করেন।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী, রুহুল কুদ্দুস তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।