কাল সব ইউনিয়নে সরকারি তথ্য ও সেবাকেন্দ্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে চার হাজার ৫০১টি ইউনিয়নে কাল বৃহস্পতিবার চালু হচ্ছে ‘ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র’ (ইউআইএসসি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক হেলেন ক্লার্ক আনুষ্ঠানিকভাবে এসব তথ্যকেন্দ্রের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয় থেকে ভোলার চরফ্যাশন উপজেলার দ্বীপ চর কুকরি-মুকরি ইউনিয়নে কাল বেলা সাড়ে ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হেলেন ক্লার্কের সঙ্গে কথা বলে এ তথ্যকেন্দ্রের উদ্বোধন করবেন। পরে কিশোরগঞ্জের যশোদল ইউআইএসসিতে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সঙ্গেও সরাসরি কথা বলবেন শেখ হাসিনা।আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশে এসেছেন হেলেন ক্লার্ক। চর কুকরি-মুকরিতে তাঁর সঙ্গে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ থাকবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশনের (এটুআই) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এ সময় শেখ হাসিনা ও হেলেন ক্লার্ক সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশের অবস্থা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন।