কাল সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোটাবিরোধীদের ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএসসহ সব সরকারি নিয়োগ পরীক্ষায় কোটা বাতিলসহ পাঁচ দফা দাবিতে আগামীকাল রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছেন আন্দোলনকারীরা। আজ শনিবার আন্দোলনকারীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।কোটা বাতিল ছাড়া আন্দোলনকারীদের চারটি দাবি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহার, পুলিশের হাতে আটক ও গ্রেপ্তার আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তি, শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগের হামলার তদন্তপূর্বক বিচার ও কোটা বাতিলের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া বন্ধ করা। এসব দাবি মানা না হলে কালকের ধর্মঘটের পর লাগাতার কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।এদিকে কোটাবিরোধীরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশ করতে গিয়ে ছাত্রলীগের বাধার মুখে পড়েন। অন্যদিকে, মিছিল-সমাবেশ করে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ বলেছে, পরিস্থিতি অস্থিতিশীল করতে মুক্তিযোদ্ধা কোটাসহ সব কোটা বাতিলের দাবি তোলা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা বলেন, কোটা বাতিলের দাবিতে মিছিল-সমাবেশ করতে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারের সামনে জড়ো হন। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। তবে ওমর শরীফ এ হামলার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘ক্যাম্পাসে যেসব মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন, তাঁদের বাধার মুখে আন্দোলনকারীরা পালিয়ে যায়।’