চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে। প্রথম দিনে সকাল সাড়ে ১০টায় ‘ক’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) এবং বিকেল আড়াইটায় ‘চ’ ইউনিটের (ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রশাসন সূত্রে জানা গেছে, এবার ২০১০-২০১১ শিক্ষাবর্ষে মোট আবেদনপত্র জমা পড়েছে এক লাখ ১১ হাজার ৫৬০টি। বিশ্ববিদ্যালয়ের মোট আসনসংখ্যা তিন হাজার ৬৬০টি। গড়ে প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন। ‘ক’ ইউনিটের জন্য আবেদন পড়েছে ১৩ হাজার ৩৫৬টি। এই অনুষদে মোট আসন আছে ৬২৪টি। একটি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন ২২ জন। ‘চ’ ইউনিটে ৪৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে এক হাজার ৪৫টি। এতে এই ইউনিটে একটি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন ২৪ জন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’